
সরাইল প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পীরজাদা সাংবাদিক আফজালুর রহমানের প্রথম মৃত্যুবার্ষকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উদীচী শিল্পগোষ্ঠী, সরাইল শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, সাবেক সভাপতি আয়ুব আলী এবং লেখক ও সাংবাদিক লিটন হোসাইন জিহাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচী সরাইল শাখার সভাপতি মোজাম্মেল পাঠান। এছাড়া উপস্থিত ছিলেন মরহুমের ছেলে, কালের কণ্ঠের সাংবাদিক আবেদুর আর শাহিন। দোয়া পরিচালনা করেন তাঁর ছোট ছেলে আলহাজ্ব মাওলানা আতিকুর রহমান।
বক্তারা পীরজাদা সাংবাদিক আফজালুর রহমানের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। তারা বলেন, তিনি ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল সাংবাদিক। সত্যের পক্ষে অবিচল থাকা এবং মানুষের কল্যাণে কাজ করাই ছিল তাঁর জীবনের মূল দর্শন।
পেশাগত জীবনের পাশাপাশি তিনি আখিতারা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সঙ্গে। পরবর্তীতে আধ্যাত্মিক সাধনায় নিজেকে সম্পৃক্ত করে তিনি পার্থিব জীবনের অনেক কিছু থেকেই সরে আসেন।
অনুষ্ঠানে বক্তারা তাঁর আদর্শ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন। শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
