জয়পুরহাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত চালক এনামুল

লেখক: Arisha Eme
প্রকাশ: ২ মাস আগে
জয়পুরহাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত চালক এনামুল

জয়পুরহাটের কালাই উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এনামুল হক (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই পৌর এলাকার ঠুশিগাড়ী ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত এনামুল হক জয়পুরহাট শহরের আল-হেরা একাডেমি নগর মহল্লার মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশার কারণে মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলছিল। এ সময় বালুবোঝাই একটি ট্রাক ও সিমেন্টবোঝাই আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুটি ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর বালুবোঝাই ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে যান। তবে সিমেন্টবোঝাই ট্রাকের চালক এনামুল হক স্টিয়ারিংয়ের সঙ্গে আটকে পড়েন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের সামনের অংশ কেটে তার মরদেহ উদ্ধার করেন।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় অভিযোগ পেলে পালিয়ে যাওয়া ট্রাকচালক ও তার সহকারীকে আইনের আওতায় আনা হবে।

  • জয়পুরহাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ
  • নিহত চালক এনামুল