
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুলিশের বিশেষ অভিযানে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত একটি পিকআপ ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার (৪ আগস্ট) রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে নাসিরনগর থানার এসআই মাহবুব আলম সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে তিলপাড়া এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িশ্বর ইউনিয়নের রতনপুর-নাসিরনগর সড়কের শ্রীঘর বাজারে কনফেকশনারি দোকানের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করেন।
এ সময় রতনপুর দিক থেকে আসা একটি পিকআপকে থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়িতে থাকা দুই ব্যক্তির হেফাজত থেকে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার নতুন গোদিগাঁও এলাকার মো. আবুল হোসেন (২৬) এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার এরুয়াখাই এলাকার মো. রাশেদ মিয়া (৩০)।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শাহিনুর রহমান জানায়, এ ঘটনায় ব্যবহৃত পিকআপ ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃত দুই আসামির পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনকে আসামি করে নাসিরনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
নাসিরনগর থানা পুলিশ জানায়, মাদক পাচার ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
