বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনলাইন প্লাটফর্ম ‘ব্রাহ্মণবাড়িয়ার ছাদবাগান’-এর ২য় বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পাঁচ শতাধিক ছাদবাগানপ্রেমী, কৃষিউদ্যোক্তা ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আগত সকল অতিথির মাঝে পরিবেশবান্ধব ও ফলনশীল চারাগাছ এবং বিভিন্ন উন্নত জাতের ফসলের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়। সবুজ বিপ্লব ও পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে ঘরে ঘরে ছাদবাগান গড়ে তোলার আহ্বানে আয়োজিত এই প্রোগ্রামটিতে উপস্থিত সকলে গভীর আগ্রহ প্রকাশ করেন। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল কৃষি বিষয়ক বিশেষ আলোচনা সভা।
এতে বক্তব্য রাখেন কৃষিবিদ মোস্তফা ইকবাল আজাদ, সদর উপজেলা কৃষিবিদ শাহানা বেগম, ব্রাহ্মণবাড়িয়ার প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহীম বিজন, ডাক্তার রহিমা খাতুন শেফালী, কৃষি উদ্যোক্তা ফয়সাল আহমেদ বাছির, মুফতী এনামুল হাসান সহ আরও অনেকেই৷
আমন্ত্রিত কৃষি অফিসার, কৃষিবিদ ও স্থানীয় সফল কৃষিউদ্যোক্তাগণ উপস্থিত থেকে ছাদবাগানের আধুনিক চাষাবাদ পদ্ধতি, টবে মাটি প্রস্তুতি, জৈব সারের ব্যবহার, পোকামাকড় দমন এবং বছরজুড়ে অধিক উৎপাদনের বিভিন্ন কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। কৃষি কর্মকর্তাগণ এ ধরনের অনলাইন প্লাটফর্মের সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং ছাদবাগানিদের সব ধরনের কারিগরি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন।
উপস্থিত অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন মুফতী কাজী এনাম, শরিফুল ইসলাম মাসুদ ও এড. ফারজান এলিন বক্তব্য রাখেন৷
ছাদবাগানীদের এক ছাদের নিচে এনে এ ধরনের প্রাণবন্ত অনুষ্ঠান আয়োজন সত্যিই প্রশংসনীয়। এমন উদ্যোগ শহরের পরিবেশ রক্ষা ও সবুজায়নে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজক ও স্থানীয় সচেতন মহল।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।