ভাদুঘড়ে অনুমোদনহীন উপায়ে আইসক্রিম তৈরির অভিযোগে প্রতিষ্ঠানকে জরিমানা

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

আমিনুল ইসলাম: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘড় এলাকায় অনুমোদনহীন কেমিক্যাল, কৃত্রিম রঙ ও সেকারিন দিয়ে আইসক্রিম উৎপাদন এবং ভিন্ন নাম ও ঠিকানায় বাজারজাত করার অভিযোগে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় ও জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে আজ দুপুর ১টা ৩০ মিনিটে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভী।

অভিযানকালে দেখা যায়, “আনার আইসক্রিম” নামক একটি প্রতিষ্ঠান অনুমোদনবিহীন ও অসুস্থকর পরিবেশে আইসক্রিম প্রস্তুত করছিল। তাদের ব্যবহৃত উপকরণের মধ্যে ছিল ক্ষতিকর কেমিক্যাল, কৃত্রিম রঙ ও সেকারিন। প্রতিষ্ঠানটি নিজ নামের পরিবর্তে অন্য নাম-ঠিকানা ব্যবহার করে বাজারে পণ্য সরবরাহ করছিল।

এসব অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি, উৎপাদন প্রক্রিয়ায় স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে ৭ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়।

সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি হ্রাসে অধিদপ্তরের তৎপরতা আরও জোরদার করা হবে।