গ্রেপ্তার এড়াতে ডোবায় লাফ, কাদায় আটকে ৫ ঘণ্টা পর ধরা ছিনতাইকারী

লেখক: Arisha Eme
প্রকাশ: ২ সপ্তাহ আগে
গ্রেপ্তার এড়াতে ডোবায় লাফ, কাদায় আটকে ৫ ঘণ্টা পর ধরা ছিনতাইকারী

চট্টগ্রামে গ্রেপ্তার এড়াতে গিয়ে অভিনব কাণ্ড ঘটিয়েছেন এক ছিনতাইকারী। পুলিশের ধাওয়া খেয়ে একটি ডোবায় লাফ দিলেও কাদায় কোমর পর্যন্ত আটকে পড়ে শেষ পর্যন্ত পাঁচ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে উদ্ধার করে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে নগরের হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকার স্কাইভিউ টাওয়ার–সংলগ্ন একটি ডোবায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার হওয়া মো. রুবেলের বিরুদ্ধে মাদক, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিসহ অন্তত আটটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, একটি মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে দুপুর ১২টার দিকে অভিযান চালায় হালিশহর থানা পুলিশ। এ সময় একটি দোকান থেকে ধাওয়া দিলে রুবেল দৌড়ে পাশের একটি ভবনে উঠে যান এবং পরে সেখান থেকে নেমে ডোবায় লাফ দেন। তবে কাদায় আটকে পড়ায় তিনি আর বের হতে পারেননি।

পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে যখন তার স্ত্রী ছাতার আড়ালে একটি ধারালো রামদা এনে দেন বলে অভিযোগ উঠে। রামদা হাতে নিয়ে রুবেল পুলিশকে ভয় দেখাতে থাকেন এবং আত্মহত্যার হুমকিও দেন। এতে ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হয় এবং তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরিবারের সদস্যদের দীর্ঘ সময় বোঝানোর পর প্রায় পাঁচ ঘণ্টা পর রুবেলকে ডোবা থেকে নিরাপদে উদ্ধার করা হয়। এরপর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন জানান, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে গেলে রুবেল পালিয়ে ডোবায় পড়ে যান এবং পরে আত্মহত্যার হুমকি দেন। শেষ পর্যন্ত পরিবারের সহায়তায় তাকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

  • কাদায় আটকে ৫ ঘণ্টা পর ধরা ছিনতাইকারী
  • গ্রেপ্তার এড়াতে ডোবায় লাফ