ব্রাহ্মণবাড়িয়ায় প্রতারণা মামলায় বিজিএফসিএলের সাবেক দুই শীর্ষ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ

লেখক: লিটন হোসাইন জিহাদ
প্রকাশ: ৬ মাস আগে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রতারণা, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ দুই শীর্ষ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সোমবার (৩ নভেম্বর) দুপুরে বিচারক শারমিন জাহান এ আদেশ দেন।

আদালতের নির্দেশে কারাগারে পাঠানো কর্মকর্তারা হলেন বিজিএফসিএলের তৎকালীন মহাব্যবস্থাপক নুরুল আবছার এবং তৎকালীন জিএম (প্রশাসন) মো. নাসিবুজ্জামান তালুকদার।

মামলার বিবরণী অনুযায়ী, প্রধান আসামি বিজিএফসিএলের সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) এটিএম শাহ আলম চাকরির সময় তাঁর শিক্ষা সনদ ও জাতীয় পরিচয়পত্রে জন্ম সাল ১৯৬১-এর পরিবর্তে ১৯৬২ দেখিয়ে বয়স জালিয়াতি করেন। এ প্রতারণার মাধ্যমে তিনি ২০২১ সালের ২৭ ডিসেম্বর অবসরের (পিআরএল) সময় পার হওয়ার পরও অতিরিক্ত এক বছর দায়িত্ব পালন করেন এবং এই সময় বিজিএফসিএল থেকে ৭৪ লাখ ৪ হাজার টাকার বেশি বেতন ও ভাতা আত্মসাৎ করেন।

প্রতারণার খবর পাওয়ার পর বিজিএফসিএল একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটি সনদ জালিয়াতির প্রমাণ পাওয়ার পর প্রতিবেদন জমা দিলে, বিজিএফসিএলের ৭১৭তম বোর্ড সভায় এটিএম শাহ আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিবরণীতে বলা হয়, এই প্রতারণায় সহযোগিতার অভিযোগে তৎকালীন মহাব্যবস্থাপক নুরুল আবছার এবং তৎকালীন জিএম (প্রশাসন) মো. নাসিবুজ্জামান তালুকদারের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। মামলাটি দায়ের করেন তৎকালীন উপ-মহাব্যবস্থাপক মো. আবুল বাসার মিজি ২০২৪ সালের ২২ অক্টোবর। মামলার পর প্রধান আসামি এটিএম শাহ আলম দেশ ত্যাগ করেন।

নুরুল আবছার ও মো. নাসিবুজ্জামান তালুকদার উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন। তবে সোমবার তারা নিম্ন আদালতে হাজির হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ব্রাহ্মণবাড়িয়া আদালতের অতিরিক্ত পিপি মাহবুবুর রহমান জানান, তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য অপরাধের ধারা থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সুত্র:জাগোনিউজ

  • কারাগারে
  • গ্যাস ফিল্ড
  • প্রতারণার মামলা
  • ব্রাহ্মণবািড়য়া
  • শীর্ষ কর্মকর্তা