— বিজ্ঞাপন —

যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি হলে ভারতীয় পণ্যে শুল্ক কমে হবে ১৭ শতাংশ: মার্কিন বাণিজ্য প্রতিনিধি

ওয়াশিংটন ও নয়া দিল্লির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হলে ভারতীয় পণ্যের ওপর আমদানিশুল্ক সর্বোচ্চ ১৭ শতাংশে নামিয়ে আনা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে চুক্তি না হলে এই শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে।
যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি হলে ভারতীয় পণ্যে শুল্ক কমে হবে ১৭ শতাংশ: মার্কিন বাণিজ্য প্রতিনিধি
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

আন্তর্জাতিক ডেস্ক: ২৬ নভেম্বর ২০২৬, ২:৫১ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত হলে ভারতীয় পণ্যের ওপর আরোপিত আমদানিশুল্ক সর্বোচ্চ ১৭ শতাংশে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার। বুধবার এক বক্তব্যে তিনি এই তথ্য জানান। তবে দুই দেশের মধ্যে কোনো চুক্তি না হলে এই শুল্কের হার বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে বলেও সতর্ক করেছেন তিনি।

বিশ্বের বিভিন্ন দেশের অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা মোকাবিলার অজুহাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সম্প্রতি ১৪টি অংশীদার দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। এই তালিকায় ভারতকে যুক্ত করার পরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই শুল্ক হারের ঘোষণা এলো।

— বিজ্ঞাপন —

মার্কিন বাণিজ্য প্রতিনিধির এই বিজ্ঞপ্তির বিষয়টি পর্যালোচনা করে দেখার কথা জানিয়েছে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত প্রক্রিয়াকালীন সময়ে ভারতকে স্পষ্ট জানানো হয়েছিল যে তাদের কোনো খাতে কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নেই। এই তদন্ত চলাকালীন ভারত গঠনমূলকভাবে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চালিয়ে গেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, চলমান দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আলোচনার কাঠামোর মধ্যেই উভয় দেশের বাণিজ্য সংক্রান্ত যাবতীয় উদ্বেগ নিরসন করা উচিত। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি প্রাথমিক চুক্তি দ্রুত সম্পন্ন করতে নয়া দিল্লি মার্কিন প্রশাসনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের শিল্প সম্প্রসারণ নীতি, অপর্যাপ্ত শ্রম সুরক্ষা, আর্থিক নিয়ন্ত্রণ, বাজারে প্রবেশের বাধা এবং বিশ্বব্যাপী অতিরিক্ত সক্ষমতা মোকাবিলায় ব্যর্থতার মতো বিষয়গুলোকে অসংগত বাণিজ্য আচরণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশেষ করে অ-বাজার অর্থনীতির দেশগুলো থেকে আমদানি ও বৈদেশিক বিনিয়োগের প্রভাব নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে।

মার্কিন প্রশাসনের দাবি, ভারতের এসব নীতির কারণে যুক্তরাষ্ট্রের উৎপাদক, রপ্তানি, কর্মসংস্থান ও বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হচ্ছে। একইসাথে ফার্মাসিউটিক্যালস, মেডিকেল ডিভাইস, স্টিল, সৌর শক্তি এবং তথ্যপ্রযুক্তি খাতে অ-বাজার অর্থনীতির ওপর নির্ভরতা মার্কিন অর্থনৈতিক নিরাপত্তার ঝুঁকি বাড়াচ্ছেন।

এর আগে ২০২৫ সালের আগস্টে দুই দেশের পূর্ববর্তী আলোচনা ভেস্তে যাওয়ার পর অধিকাংশ ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শাস্তিমূলক শুল্ক আরোপ করেছিল ওয়াশিংটন। পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দুই দেশ একটি বাণিজ্য কাঠামোর বিষয়ে সম্মত হলে এই শুল্ক কমিয়ে ১৮ শতাংশে আনা হয়।

পরবর্তী সময়ে মার্কিন সুপ্রিম কোর্ট বিশ্বজুড়ে ট্রাম্পের জরুরি ক্ষমতা ব্যবহার করে ঢালাও শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করলে বিশ্বব্যাপী বেসলাইন শুল্ক ১০ শতাংশে নেমে আসে। তবে বৈশ্বিক অর্থনীতির অন্যতম প্রধান দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে এখনো চূড়ান্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়িত হয়নি।

সূত্র: ARY News · Pakistan
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗