কাউকে নতুন স্বৈরাচার হতে দেওয়া হবে না: পঞ্চগড়ে সারজিস আলম

লেখক: Sanjida
প্রকাশ: ২ মাস আগে
কাউকে নতুন স্বৈরাচার হতে দেওয়া হবে না': পঞ্চগড়ে সারজিস আলম

 ২ ফেব্রুয়ারি, ২০২৬ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলম সাফ জানিয়ে দিয়েছেন, নতুন বাংলাদেশে কাউকে জবাবদিহিতার ঊর্ধ্বে রাখা হবে না। সোমবার রাতে পঞ্চগড় সদরের সাতমেড়া ইউনিয়নে এক নির্বাচনী সভায় তিনি বিএনপি নেতৃত্বের তীব্র সমালোচনা করেন।

 সারজিস আলম দাবি করেন, তারেক রহমান বিএনপির পক্ষ থেকে যাদের মনোনয়ন দিয়েছেন, তাদের মধ্যে অন্তত ১৫ জন বড় ধরনের ঋণখেলাপি। তারা ব্যাংক থেকে জনগণের প্রায় ৬ হাজার কোটি টাকা লুটপাট করেছেন। তিনি প্রশ্ন তোলেন, “ক্ষমতায় যাওয়ার আগেই যারা এত টাকা লুট করে, পরে তারা কী করবে?”

তিনি অভিযোগ করেন, মাত্র চার দিন আগে শেরপুরে জামায়াত নেতাকে বিএনপির কর্মীরা হত্যা করেছে। এছাড়া গত দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে তাদের নিজস্ব দুই শতাধিক কর্মী নিহত হওয়ার তথ্য উল্লেখ করে তিনি সহিংসতা বন্ধের আহ্বান জানান।

শাপলাকলি প্রতীকের এই প্রার্থী বলেন, “আমরা কামড়াকামড়ির রাজনীতি করতে আসিনি।” তিনি প্রতিশ্রুতি দেন যে, কেউ ধানের শীষে ভোট দিলেও বিজয়ী হওয়ার পর তাদের ওপর কোনো অন্যায় করা হবে না।

 সারজিস আলম স্পষ্ট করেন যে, তার দলের কোনো নেতাকর্মী যদি জনগণের সাথে খারাপ আচরণ করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

“এটি নতুন বাংলাদেশ। এখানে কাউকে প্রশ্নের বাইরে রাখা হবে না এবং কাউকে নতুন করে স্বৈরাচার হওয়ার সুযোগ দেওয়া হবে না।”

  • কাউকে নতুন স্বৈরাচার হতে দেওয়া হবে না': পঞ্চগড়ে সারজিস আলম