হামলার প্রতিবাদে পটিয়ায় বিএনপির বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

লেখক: জিহাদুল ইসলাম ( জিহাদ )
প্রকাশ: ১ মাস আগে

বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহ সন্ত্রাসীদের গুলিতে আহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা পটিয়া উপজেলা পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

(১৩ ডিসেম্বর, শনিবার) বিকেলে পটিয়া উপজেলা পরিষদ সংলগ্ন মহাসড়কে প্রতিবাদ সভা শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিস জেলা পরিষদ মার্কেটে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া।
প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম নেছার।
বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন সালাম মিঠু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, জাহাঙ্গীর কবির, ইব্রাহিম কমিশনার, শাহাদাত হোসেন সুমন, উপজেলা বিএনপির নেতা নাসির উদ্দিন, জসিম উদ্দিন মাস্টার, জিল্লুর রহমান চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রবিউল হোসেন বাদশা, হারুনুর রশিদ চৌধুরী, হাজী নজরুল ইসলাম, আবু জাফর চৌধুরী, সাহাব উদ্দিন খোকন, নুরুল আমিন মধু, অ্যাডভোকেট ফোরকান, অ্যাডভোকেট আবদুস সবুর, অ্যাডভোকেট জসিম উদ্দিন, গাজী মনির, ফরিদুল আলম, সেলিম মাস্টার, আবদুল আলীম মেম্বার, মনসুর শরীফ, জহির উদ্দিন তসলিম, সাইফুল ইসলাম খোকন, জাগির মেম্বার, মামুন সিকদার, ছাত্রদল নেতা মুহাম্মদ হাবিব প্রমুখ।

সভায় বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি ইদ্রিস মিয়া, এরশাদ উল্লাহ ও শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। অন্যথায় দক্ষিণ জেলা বিএনপি বৃহত্তর কর্মসূচি ঘোষণাসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।