আসন বণ্টন নিয়ে ঐক্যের বার্তা তারেক রহমানের

লেখক:
প্রকাশ: ৬ মাস আগে
আসন বণ্টন নিয়ে ঐক্যের বার্তা তারেক রহমানের

পথিক নিউজ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভেতরে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, প্রতিটি আসনে একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকলেও সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব নয়, তবে দলের মনোনীত প্রার্থীর বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রোববার (২ নভেম্বর) রাজধানীর বনানীতে প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন,“৩০০ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রস্তুতি চলছে। সব আসনেই একাধিক যোগ্য প্রার্থী রয়েছেন, কিন্তু সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব নয়। যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে ছিলেন, তাদেরও আসন দেওয়া হবে।”

তিনি আরও জানান, শিগগিরই মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।মনোনয়ন বঞ্চিতদের উদ্দেশে তিনি বলেন,“মনোনয়ন না পেলেও দল ও দেশের স্বার্থে সিদ্ধান্ত মেনে নিতে হবে। ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়। দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষে কাজ করতে হবে।”

তারেক রহমান সতর্ক করে বলেন,“এমন কোনো আচরণ করবেন না, যাতে পুরো বিএনপি বিব্রত হয়।”

তিনি দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখার নির্দেশ দিয়ে বলেন, আসন্ন নির্বাচনে জয়ী হতে হলে দলীয় প্রার্থীর পাশে থেকে একসঙ্গে কাজ করা ছাড়া বিকল্প নেই।

বিএনপির বিরুদ্ধে সংগঠিত অপপ্রচার চলছে উল্লেখ করে তিনি বলেন,“বিএনপির বিজয় ঠেকাতে আবারও একটি সংঘবদ্ধ অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হচ্ছে। বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসীরা যদি ঐক্যবদ্ধ থাকে, তবে কোনো ষড়যন্ত্র বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।”

তারেক রহমান বলেন, বিএনপি দায়িত্বশীল দল হিসেবে ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখতে সর্বোচ্চ ছাড় দিয়েছে। তিনি বলেন,“একদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার পথ বেছে নিয়েছি, অপরদিকে যথাসাধ্য সম্ভব সরকারকে সহযোগিতা করছি। কিন্তু প্রতিনিয়ত নিত্যনতুন শর্ত জুড়ে গণতন্ত্রের উত্তরণের পথকে সংকটাপন্ন করে তোলা হচ্ছে।”

ভবিষ্যৎ নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন,যথাসময়ে নির্বাচন হবে কিনা—এমন সংশয় ও সন্দেহ তৈরি হয়েছে। এ ধরনের অনিশ্চয়তা গণতন্ত্রের উত্তরণের পথকে সংকটাপন্ন করে তুলতে পারে।”

তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন,“কৌশল ও অপকৌশলের পার্থক্য বুঝতে ব্যর্থ হলে অগণতান্ত্রিক শক্তির কাছে আত্মসমর্পণের ঝুঁকি তৈরি হয়। সবাইকে এ বিষয়ে সচেতন থাকতে হবে।

সূত্র:সময়টিভি

  • খালেদা জিয়া
  • তারেক রহমান
  • পথিকটিভি
  • পথিকনিউজ
  • বিএনপি
  • রাজনীতি