এসএসসি পরীক্ষায় এবার ৩১২ প্রতিষ্ঠানে কেউই পাস করেনি
এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫—দুটিই কমেছে। সোমবার (১০ আগস্ট) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সারা দেশে মোট ৩০ হাজার ৪০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৩১২টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। অন্যদিকে ৬৬৯টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন।
এ ছাড়া বিদেশের পরীক্ষাকেন্দ্রগুলোর মধ্যেও একটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিলেন। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেন ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন।
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার জন্য ফরম পূরণ করেন ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন শিক্ষার্থী। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জনের।
সার্বিক ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, একদিকে ৬৬৯টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করলেও অন্যদিকে ৩১২টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফলের মধ্যে বড় ধরনের পার্থক্যও স্পষ্ট হয়েছে।
