
গোপালগঞ্জের নবনিযুক্ত জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান এর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ।
বুধবার সকাল সোয়া ১০টার সময় গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী জিন্নাত আলী ও সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমানের নেতৃত্বে চেম্বার নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসকের হাতে ফুলের তোড়া প্রদান করে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন, মোঃ কামরুল ইসলাম, সুবর্না ইলেক্ট্রিকের মালিক মোঃ মনিরুল ইসলাম মনির, জিয়াউদ্দিন, মোঃ নেয়ামত, চৌধুরী শাহিনুর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাংবাদিকদের জানানো তথ্যমতে, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন বলেন, গোপালগঞ্জে নতুন নতুন শিল্পকারখানা স্থাপন ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে আমরা নবাগত জেলা প্রশাসকের কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করেছি।
তিনি আরও জানান, ব্যবসা-বাণিজ্যের প্রসার সম্পর্কিত সম্ভাবনাময় বেশ কিছু তথ্য-উপাত্ত জেলা প্রশাসকের সামনে উপস্থাপন করা হয়েছে। জেলার অর্থনীতির চাকা সচল রাখা ও জাতীয় অর্থনীতিতে গোপালগঞ্জের অবদান আরও গতিশীল করতে চেম্বার কর্তৃপক্ষ কিছু প্রাথমিক প্রস্তাবও দেন।
চেম্বার নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর নবাগত জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান সমস্যাগুলো সমাধান এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতার হাত প্রসারিত করার আশ্বাস দেন।
