— বিজ্ঞাপন —

ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপির ছেলে নূরুজ্জামান আবারও দুই দিনের রিমান্ডে, মোটরসাইকেল উদ্ধার

নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় সংসদ সদস্য আবদুল আজিজের ছেলে নূরুজ্জামানকে পুনরায় দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এ ছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
prothomalo-bangla_2026-11-02_n2u29omj_natoredh060420261102natore-nurujjaman-photo-02.11.26
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

বাংলাদেশ ডেস্ক: ২ নভেম্বর ২০২৬, ৬:৫১ অপরাহ্ন

নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আবদুল আজিজের বড় ছেলে নূরুজ্জামান ওরফে মিন্টুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে গুরুদাসপুর আমলি আদালতের বিচারক মেহেদী হাসান এ রিমান্ড আদেশ দেন। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

ডিবি ও আদালত পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে জেলা কারাগার থেকে নূরুজ্জামানকে আদালতের এজলাসে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা বিভাগের (ডিবি) উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। তিনি আদালতে যুক্তি দেন যে, প্রাথমিক তদন্তে আসামির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং এসব তথ্য যাচাই-বাছাই ও অন্য সহযোগীদের শনাক্ত করতে আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী গোলাম সারোয়ার ও মাহবুব হোসেন রিমান্ড আবেদনের বিরোধিতা করে বলেন, আসামিকে পূর্বেও তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাতে নতুন কোনো তথ্য পাওয়া যায়নি। তাই নতুন করে রিমান্ডের যৌক্তিকতা নেই। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে রিমান্ড কার্যকর করার আগে ও পরে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী আসামির ডাক্তারি পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হয়।

এদিকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম জানান, গত রোববার রাতে গুরুদাসপুরের নয়াবাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি নীল-সাদা রঙের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ঘটনার সময় এটি সড়কে পড়ে যাওয়ায় এর ডান পাশে আঘাতের চিহ্ন রয়েছে। মোটরসাইকেলটির মালিকানা শনাক্ত করার চেষ্টা চলছে।

তদন্তের অগ্রগতি নিয়ে এসআই শফিকুল ইসলাম আরও জানান, প্রবাসী রাসেল হোসাইন ও অভিযুক্ত মিন্টুকে ঘিরে যাবতীয় সন্দেহ যাচাই-বাছাই করা হচ্ছে। দ্রুতই এ হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় চাঁচকৈড় বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম। চিকিৎসাধীন অবস্থায় গত ২৬ অক্টোবর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

সূত্র: প্রথম আলো
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗