জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ: অভিযোগ গঠনের আদেশ ২১ জানুয়ারি

জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ: অভিযোগ গঠনের আদেশ ২১ জানুয়ারি
জয়–পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ: অভিযোগ গঠনের আদেশ ২১ জানুয়ারি
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ২১ জানুয়ারি দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ সিদ্ধান্ত দেন। এদিন ট্রাইব্যুনালে আসামিপক্ষের শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে পলকের পক্ষে আইনজীবী লিটন আহমেদ এবং সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম অংশ নেন। তারা প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগের তীব্র বিরোধিতা করে বলেন, এসব অভিযোগের সঙ্গে জয় ও পলকের কোনো সংশ্লিষ্টতা নেই। এ কারণে মামলায় অভিযোগ গঠন না করে তাদের অব্যাহতি দেওয়ার আবেদন জানান আইনজীবীরা।

অন্যদিকে প্রসিকিউশনের পক্ষ থেকে দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আর্জি জানানো হয়। উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশের জন্য আগামী ২১ জানুয়ারি দিন ধার্য করেন।

এর আগে গত ১১ জানুয়ারি চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করেন। সে দিন তিনটি অভিযোগ পড়ে শোনানোর পাশাপাশি জয় ও পলকের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন জানান তিনি। এরপর আসামিপক্ষের শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করা হয়।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, সজীব ওয়াজেদ জয়ের নির্দেশে ২০২৪ সালের ১৪ জুলাই রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক বক্তব্য দেন জুনায়েদ আহমেদ পলক। এর পরদিন ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র বাহিনী হামলা চালায়। অভিযোগে আরও বলা হয়, তারা ইন্টারনেট বন্ধ এবং মারণাস্ত্র ব্যবহারে উসকানি ও প্ররোচনা দেন এবং হত্যাকাণ্ডে সহায়তা করেন।

এই হামলার ঘটনায় রাসেল, মোসলেহ উদ্দিনসহ অন্তত ২৮ জন নিহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া উত্তরা এলাকায় সংঘটিত ৩৪টি হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগও মামলায় অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে, গত ১০ ডিসেম্বর এসব ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে সজীব ওয়াজেদ জয়কে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন ট্রাইব্যুনাল। একই দিনে গ্রেপ্তার থাকা জুনায়েদ আহমেদ পলককে আদালতে হাজির করা হয়। এরও আগে, ৪ ডিসেম্বর প্রসিকিউশনের দাখিল করা ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) আমলে নেন ট্রাইব্যুনাল।

এ মামলার পরবর্তী অগ্রগতি ও ২১ জানুয়ারির আদেশকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক ও বিচারাঙ্গনে বাড়ছে ব্যাপক আলোচনা ও কৌতূহল।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ