গাজী তানভীর আহমদ: শিক্ষকতা কেবল একটি পেশা নয়; এটি মানুষ গড়ার মহান দায়িত্ব এবং জাতির ভবিষ্যৎ নির্মাণের অন্যতম প্রধান ভিত্তি। একটি রাষ্ট্রের শিক্ষাব্যবস্থার মান নির্ভর করে একজন যোগ্য, দক্ষ, অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষকের ওপর। অথচ বাংলাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা পেশায় প্রবেশের প্রত্যাশায় প্রথম থেকে দ্বাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ অনেক প্রার্থী দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। সময়ের ব্যবধানে তাঁদের জীবনের মূল্যবান কর্মক্ষম সময় অতিবাহিত হয়েছে। নিয়োগনীতির পরিবর্তন, প্রশাসনিক জটিলতা এবং বয়সসীমার কারণে অনেকের শিক্ষক হওয়ার স্বপ্ন আজ অনিশ্চিত হয়ে পড়েছে। এ অবস্থায় প্রথম থেকে দ্বাদশ নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের উদ্যোগ কেবল একটি চাকরির দাবি নয়; এটি দীর্ঘদিনের বঞ্চনা নিরসন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং শিক্ষাব্যবস্থায় যোগ্য মানবসম্পদ যুক্ত করার একটি সময়োপযোগী পদক্ষেপ বলে আমি মনে করছি। যাঁরা রাষ্ট্রীয় কর্তৃপক্ষের নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষকতার যোগ্যতার স্বীকৃতি অর্জন করেছেন, তাঁদের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করা এখন সময়ের দাবি।
শিক্ষক নিবন্ধন সনদকে চিকিৎসকদের এমবিবিএস ডিগ্রির সঙ্গে সরাসরি সমতুল্য বলা না গেলেও একটি মৌলিক সাদৃশ্য রয়েছে। নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একজন চিকিৎসক যেমন পেশাগত যোগ্যতার স্বীকৃতি অর্জন করেন, তেমনি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ একজন প্রার্থী শিক্ষকতা পেশায় প্রবেশের প্রয়োজনীয় যোগ্যতার প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পান।
অর্থাৎ নিবন্ধন সনদ কোনো সাধারণ সার্টিফিকেট নয়; এটি একজন প্রার্থীর বিষয়ভিত্তিক জ্ঞান ও শিক্ষকতার উপযুক্ততা যাচাইয়ের একটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার ফল। যদিও সনদ অর্জনই স্বয়ংক্রিয় নিয়োগের নিশ্চয়তা নয়, তবু দীর্ঘদিন নিয়োগের সুযোগ না পাওয়া যোগ্য প্রার্থীদের পরিস্থিতি রাষ্ট্রের বিবেচনায় নেওয়া অত্যন্ত জরুরি মনে করছি।
যদিও প্রথম থেকে দ্বাদশ নিবন্ধনধারীদের নিয়োগের ক্ষেত্রে অন্যতম বড় বাধা হলো সময়ের ব্যবধানে সৃষ্ট আইনি ও প্রশাসনিক জটিলতা। তাঁরা যে সময়ে নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, তখনকার নিয়োগব্যবস্থা ও পরবর্তী সময়ে প্রবর্তিত নিয়োগপদ্ধতির মধ্যে পার্থক্য তৈরি হয়েছে। দীর্ঘ অপেক্ষার ফলে অনেকের বয়সসীমা অতিক্রম করেছে। ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁরা নিয়োগের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ হারিয়েছেন। তাহলে এখন প্রশ্ন হলো, রাষ্ট্রীয় ব্যবস্থার দীর্ঘসূত্রতার কারণে যাঁরা নিয়োগের সুযোগ পাননি, তাঁদের সেই দায় কি এককভাবে প্রার্থীদের ওপর বর্তাবে? আমি করে করি, অবশ্যই। এখান রাষ্ট্রের দায় রয়েছে। এ বাস্তবতায় সরকার প্রয়োজনীয় আইনগত মতামত ও প্রশাসনিক অনুমোদনের ভিত্তিতে নির্বাহী আদেশে বিশেষ নিয়োগের ব্যবস্থা গ্রহণ করতে পারে। এতে বয়সসীমাজনিত জটিলতায় আটকে থাকা যোগ্য প্রার্থীদের জন্য একটি ন্যায়সংগত সমাধানের পথ তৈরি হবে বলে আশা করা যায়।
এখন পর্যন্ত প্রথম থেকে দ্বাদশ নিবন্ধনধারীদের অনেকেই বছরের পর বছর শিক্ষকতার প্রত্যাশায় অপেক্ষা করেছেন। তাঁদের কেউ পারিবারিক ও অর্থনৈতিক সংকটে পড়েছেন, কেউ অন্য পেশায় যুক্ত হতে বাধ্য হয়েছেন, আবার কেউ বয়সের কারণে নতুন করে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ হারিয়েছেন। ন্যায়বিচার মানে শুধু সবার জন্য একই নিয়ম প্রয়োগ করা নয়; বিশেষ পরিস্থিতিতে থাকা মানুষের জন্য যুক্তিসংগত বিশেষ ব্যবস্থা গ্রহণ করাও ন্যায়বিচারের অংশ। যাঁরা আগে নিবন্ধন সনদ অর্জন করেছেন এবং দীর্ঘদিন নিয়োগের অপেক্ষায় থেকেছেন, তাঁদের পরিস্থিতি পরবর্তী নিবন্ধনধারীদের সঙ্গে এক করে দেখা সমীচীন নয়। তাই তাঁদের জন্য অগ্রাধিকারভিত্তিক বিশেষ নিয়োগের ব্যবস্থা করা রাষ্ট্রের ন্যায়সংগত দায়িত্ব মনে করছি।
আমরা সবাই জানি যে, শিক্ষকতার জন্য প্রয়োজন বিষয়জ্ঞান, আন্তরিকতা, দায়িত্ববোধ, ধৈর্য এবং শিক্ষার্থীদের প্রতি গভীর মমত্ববোধ। প্রথম থেকে দ্বাদশ নিবন্ধনধারীদের অনেকে দীর্ঘদিন ধরে নিজেদের জ্ঞান ও দক্ষতা সমৃদ্ধ করেছেন। কেউ উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন, কেউ শিক্ষকতা ও শিক্ষাসংশ্লিষ্ট কর্মকাণ্ডে অভিজ্ঞতা অর্জন করেছেন। তাই শুধু বয়সের বিবেচনায় তাঁদের সম্ভাবনাকে উপেক্ষা করা উচিত নয়। বরং তাঁদের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও শিক্ষকতার প্রতি আগ্রহকে মূল্যায়ন করে শ্রেণিকক্ষে পাঠদানের সুযোগ দেওয়া প্রয়োজন। একজন নিবেদিতপ্রাণ শিক্ষক শুধু পাঠ্যবই পড়ান না; তিনি শিক্ষার্থীদের চিন্তা, মনন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে ভূমিকা রাখেন।
গবেষণায় দেখা গেছে, শিক্ষার মানোন্নয়নে তরুণদের উদ্যমের পাশাপাশি অভিজ্ঞদের পরিণত চিন্তা ও জীবনবোধও গুরুত্বপূর্ণ। প্রথম থেকে দ্বাদশ নিবন্ধনধারীদের অনেকে দীর্ঘ সময় ধরে শিক্ষা, গবেষণা, লেখালেখি ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। তাঁদের অভিজ্ঞতা শ্রেণিকক্ষের পাঠদানকে আরও বাস্তবসম্মত ও জীবনঘনিষ্ঠ করতে পারে। তাই বয়স কখনোই দক্ষতার একমাত্র মাপকাঠি হতে পারে না। একজন শিক্ষকের বিষয়জ্ঞান, পাঠদানের সক্ষমতা, নৈতিকতা এবং শিক্ষার্থীদের বোঝার ক্ষমতাই হওয়া উচিত মূল্যায়নের প্রধান ভিত্তি। তাই অভিজ্ঞ নিবন্ধনধারীদের নিয়োগের মাধ্যমে শিক্ষাব্যবস্থায় জ্ঞান ও অভিজ্ঞতার কার্যকর সমন্বয় ঘটানো সম্ভব।
সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন পর্যায়ে শিক্ষক সংকট ও শূন্য পদ রয়েছে; যেখানে প্রায় ৭০ হাজার পদে নিয়োগের সুযোগ বিদ্যমান। অন্যদিকে, যোগ্য নিবন্ধনধারীদের একটি অংশ দীর্ঘদিন নিয়োগের অপেক্ষায় রয়েছেন। একদিকে শিক্ষক প্রয়োজন, অন্যদিকে যোগ্য প্রার্থীর অপেক্ষা—এই দুই বাস্তবতার মধ্যে সমন্বয় ঘটানো জরুরি এবং এখনই এর উপযুক্ত সময়। তাই আর কালক্ষেপণ না করে এনটিআরসিএর মাধ্যমে বিষয় ও পদভিত্তিক শূন্য পদের বিপরীতে প্রথম থেকে দ্বাদশ নিবন্ধনধারীদের নিয়োগের উদ্যোগ নেওয়া হলে একদিকে কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক সংকটও কমবে বলে মনে করছি। এ ক্ষেত্রেও অবশ্যই প্রার্থীদের যোগ্যতা, নিবন্ধনের বৈধতা ও প্রকৃত শূন্য পদ যাচাই করে স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করতে হবে।
তবে অনেক সীমাবদ্ধতার মধ্যে এ কথাও মনে রাখতে হবে যে, শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য শুধু নতুন শিক্ষক নিয়োগ নয়, যোগ্য ও অভিজ্ঞ মানবসম্পদের যথাযথ ব্যবহারও প্রয়োজন। প্রথম থেকে দ্বাদশ নিবন্ধনধারীদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিদের নিয়োগ করা হলে শিক্ষাব্যবস্থায় অভিজ্ঞ একটি জনগোষ্ঠী যুক্ত হবে। তাঁদের বিষয়জ্ঞান, বাস্তব অভিজ্ঞতা ও পরিণত চিন্তা শিক্ষার্থীদের পাঠদানকে সমৃদ্ধ করতে পারে। পাশাপাশি আধুনিক শিক্ষণপদ্ধতি, তথ্যপ্রযুক্তির ব্যবহার ও মূল্যায়ন কৌশল বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করলে তাঁদের অভিজ্ঞতার সঙ্গে আধুনিক শিক্ষাবিজ্ঞানের সমন্বয় ঘটবে। ফলে এই নিয়োগ জাতীয় শিক্ষার মানোন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।
একটি কল্যাণমুখী রাষ্ট্রের দায়িত্ব শুধু নীতিমালা প্রণয়ন নয়; বরং সেই নীতির বাস্তব প্রয়োগে নাগরিকদের ন্যায্য স্বার্থ সংরক্ষণ করা। প্রথম থেকে দ্বাদশ নিবন্ধনধারীদের দীর্ঘদিনের অপেক্ষা বিবেচনায় নিয়ে সরকার বিশেষ নিয়োগ উদ্যোগ গ্রহণ করলে তা দায়িত্বশীল ও মানবিক রাষ্ট্রচিন্তার পরিচয় বহন করবে। এ ক্ষেত্রে বর্তমান সরকারের নির্বাহী আদেশ হতে পারে একটি কার্যকর প্রশাসনিক উদ্যোগ। তবে তা অবশ্যই প্রচলিত আইন ও বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, আইনগতভাবে গ্রহণযোগ্য, স্বচ্ছ এবং যোগ্যতাভিত্তিক হতে হবে।
এখানে আরেকটি কথা বলে রাখা জরুরি, প্রথম থেকে দ্বাদশ নিবন্ধনধারীদের অগ্রাধিকার দেওয়ার অর্থ ১৩তম ও পরবর্তী নিবন্ধনধারীদের অধিকার উপেক্ষা করা নয়। তাঁরাও যোগ্যতা অর্জনের মাধ্যমে শিক্ষকতা পেশায় প্রবেশের প্রত্যাশা রাখেন। তবে প্রথম থেকে দ্বাদশ নিবন্ধনধারীদের দীর্ঘদিনের অপেক্ষা, বয়সজনিত সংকট এবং পূর্ববর্তী নিয়োগব্যবস্থার বাস্তবতা বিবেচনায় তাঁদের বিষয়টি আগে নিষ্পত্তি করা প্রয়োজন। এক্ষেত্রে প্রথমে ১ম থেকে ১২তম নিবন্ধনধারীদের জন্য বিশেষ নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী নিবন্ধনধারীদের নিয়মিত নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখা যেতে পারে। এতে একদিকে পুরোনো নিবন্ধনধারীদের প্রতি ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, অন্যদিকে পরবর্তী প্রার্থীদের সুযোগও অক্ষুণ্ন থাকবে।
সবশেষে বলতে চাই, সাম্প্রতিক আলোচনায় আসা প্রথম থেকে দ্বাদশ শিক্ষক নিবন্ধনধারীদের নিয়োগের দাবি কোনো অনুকম্পা নয়; এটি দীর্ঘ প্রতীক্ষা, অর্জিত যোগ্যতা এবং বাস্তব পরিস্থিতির আলোকে একটি ন্যায়সংগত সমাধানের প্রত্যাশা। তাঁদের জন্য নির্বাহী আদেশে বিশেষ নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হলে দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং শিক্ষাব্যবস্থায় অভিজ্ঞ মানবসম্পদ যুক্ত হবে। তাই রাষ্ট্রের কাছে আমাদের প্রত্যাশা, প্রথম থেকে দ্বাদশ নিবন্ধনধারীদের বিষয়টি মানবিকতা, ন্যায়বিচার ও বাস্তবতার আলোকে দ্রুত নিষ্পত্তি করা হোক। তাঁদের অগ্রাধিকারভিত্তিক নিয়োগের ব্যবস্থা করে পরবর্তী নিবন্ধনধারীদের জন্যও নিয়মিত নিয়োগের পথ সুগম করা হোক।
কারণ, একজন যোগ্য মানুষকে শিক্ষকতার সুযোগ দেওয়া মানে শুধু একজনের কর্মসংস্থান নিশ্চিত করা নয়; বরং একটি প্রজন্মের শিক্ষার সম্ভাবনাকে সমৃদ্ধ করা। তাই দেশের শিক্ষা ব্যবস্থার টেকসই মান-উন্নয়নের লক্ষ্যে এখন আর শুধু আশ্বাস নয়—প্রয়োজন সময়োপযোগী সিদ্ধান্ত ও কার্যকর বাস্তবায়ন।
গাজী তানভীর আহমদ সম্পাদক, শিশু বিচিত্রা মুঠোফোন : 01556562633

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।