আন্তর্জাতিক ডেস্ক: ৭ নভেম্বর ২০২৬, ৬:৫০ অপরাহ্ন
পাকিস্তানে বোতলজাত পানি ব্যবহারকারী গ্রাহকদের জন্য সতর্কবার্তা জারি করেছে কর্তৃপক্ষ। পাকিস্তান কাউন্সিল অব রিসার্চ ইন ওয়াটার রিসোর্সেস (PCRWR) পরিচালিত এক গবেষণায় দেশটির ২৭টি ব্র্যান্ডের বোতলজাত পানি পানের জন্য অনিরাপদ এবং স্বাস্থ্যঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে।
PCRWR-এর ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের ত্রৈমাসিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দেশের সামগ্রিক পানির গুণমান মূল্যায়নের অংশ হিসেবে এই পরীক্ষা পরিচালনা করা হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশের ২০টি শহর থেকে মোট ২২৩টি ব্র্যান্ডের বোতলজাত পানির নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরবর্তীতে সেগুলোর রাসায়নিক ও জীবাণুসংক্রান্ত গুণমান পরীক্ষা করে দেখা হয়।
পরীক্ষার ফলাফল অনুযায়ী, নমুনা সংগ্রহ করা ২২৩টি ব্র্যান্ডের মধ্যে ১৯৫টি ব্র্যান্ড পানির গুণমানের নির্ধারিত মানদণ্ড পূরণ করতে সক্ষম হয়েছে। তবে বাকি ২৭টি ব্র্যান্ড নির্ধারিত মান অর্জনে ব্যর্থ হয়ে অনিরাপদ বলে ঘোষিত হয়েছে।
গবেষণায় দেখা গেছে, রাসায়নিক পরীক্ষার ভিত্তিতে ৬টি ব্র্যান্ডের পানি অনিরাপদ হিসেবে শনাক্ত করা হয়েছে। অন্যদিকে, জীবাণুসংক্রান্ত পরীক্ষায় ২২টি ব্র্যান্ডের পানিতে অনিরাপদ উপাদান বা জীবাণুর উপস্থিতি পাওয়া গেছে।
অনিরাপদ ঘোষিত ২৭টি ব্র্যান্ডের তালিকায় রয়েছে— আব-ই-হরম, ইম্পেরিয়াল পিওর ড্রিংকিং ওয়াটার, আব-ই-মাকরান, ওয়াটার ভার্স পিউরিফাইড, জেল, সিপ, এ বি ব্লু ওয়াটার, এইচ আর ওয়াটার হেলদি লাইফ, সাফি, পিওর অ্যাকুয়া টেক, অ্যাকুয়াফাইন, ওয়াটার টাইম, আল-সাহা, আব-ই-হায়াত, কে অ্যান্ড এস অ্যাকুয়া সি, জেরস সেফ লাইফ, আতহার প্রিমিয়াম, অ্যাকুয়া ডোর, এইচ এইচ জি সুইটস অ্যান্ড বেকার্স, ড্রিংকলে, ওয়ান ফ্লো, প্রিমিয়াম সাফা, জলমি পিওর মিনারেল ওয়াটার, নিউ এ টু জেড, ফ্রেশ স্মার্ট পিওর ওয়াটার এবং অ্যাকুয়া ইনডাস।
পাকিস্তান কাউন্সিল অব রিসার্চ ইন ওয়াটার রিসোর্সেস (PCRWR) ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, পেশোয়ার, মুলতান, করাচি, লাহোর, কোয়েটা, ফয়সালাবাদ, সুক্কুর এবং গুজরানওয়ালাসহ দেশের মোট ২০টি প্রধান শহর থেকে এসব বোতলজাত পানির নমুনা সংগ্রহ করেছিল।
সূত্র: ARY News Urdu

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।