বিজয়নগরে সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

লেখক: মোশারফ হোসেন
প্রকাশ: ৩ মাস আগে

বিজয়নগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলা কনফারেন্স রুমে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন ও গণভোটের গুরুত্ব, অংশগ্রহণের পদ্ধতি এবং নাগরিক দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। একই দিন বিজয়নগর মডেল মসজিদের কনফারেন্স রুমে সকল ইমাম ও মাদ্রাসা শিক্ষকদের নিয়ে পৃথক আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে বিস্তারিত অবহিত করা হয়।

সভাগুলোতে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাছিবুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার শাদমান সাকিবসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ। এছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ এসব সভায় অংশগ্রহণ করেন।

এদিকে, গণভোট ও সংসদ নির্বাচন সম্পর্কে সচেতনতা আরও বিস্তৃত করতে কালিসীমা ও খাদুরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। এসব সমাবেশে উপস্থিত অভিভাবকদের নির্বাচন ও গণভোটের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা হয়।

অনুষ্ঠানগুলোতে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং নির্বাচন ও গণভোট বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্যোগ অব্যাহত থাকবে।