বেকার ভাতা নয়, যুবকদের কাজ দেব—গাইবান্ধায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান

লেখক: Arisha Eme
প্রকাশ: ২ মাস আগে
বেকার ভাতা নয়, যুবকদের কাজ দেব—গাইবান্ধায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা যুবকদের হাতে বেকার ভাতা দেব না। বেকার ভাতা বেকার তৈরির কারখানা হবে। তাই আমরা যুবকদের কাজ দেব, দক্ষ করে জনসম্পদে রূপান্তর করব।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে গাইবান্ধার পলাশবাড়ী এসএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে উত্তরবঙ্গে যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে, সেখানে গাইবান্ধা জেলাকে অগ্রাধিকার দেওয়া হবে। উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানীতে রূপান্তরের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি অঞ্চলে ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল) স্থাপন, মরা নদীগুলোকে সচল করার উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন। তার মতে, নদীগুলো সচল হলে উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়ন ঘটবে।

তিনি আরও বলেন, “উত্তরবঙ্গের কৃতি সন্তান আবু সাঈদের কাছে আমরা সবাই ঋণী। আমরা আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ উপহার দিতে চাই।অতীতের ৫৪ বছরের দুর্নীতি, দুঃশাসন, গুম, খুন চাঁদাবাজি থেকে দেশকে মুক্ত করতে গণভোটেহ্যাঁভোট দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির।

গাইবান্ধা আসনের ১০ দলীয় জোটের এমপি প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম লেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, জাগপার সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিগবাতুল্লাহ, গাইবান্ধা আসনের এমপি প্রার্থী ডা. আব্দুল রহিম সরকার, জেলা আমির গাইবান্ধা আসনের এমপি প্রার্থী আব্দুল করিম, গাইবান্ধা আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান এবং গাইবান্ধা আসনের এমপি প্রার্থী আব্দুল ওয়ারেছ প্রধান। জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।