— বিজ্ঞাপন —

ব্যালেরিনা রোজ: গুচ্ছবদ্ধ গোলাপি ফুলের অনন্য রূপ ও বৈশিষ্ট্য

ব্যালেরিনা রোজ মূলত হাইব্রিড মাস্ক রোজ গোষ্ঠীর একটি ব্যতিক্রমী গোলাপ। এটি ছোট ছোট ফুলের গুচ্ছ ও স্নিগ্ধ সৌন্দর্যের জন্য বাগানপ্রেমীদের কাছে সমাদৃত।
ব্যালেরিনা রোজ: গুচ্ছবদ্ধ গোলাপি ফুলের অনন্য রূপ ও বৈশিষ্ট্য
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ফিচার ডেস্ক: ২২ নভেম্বর ২০২৬, ২:৫১ অপরাহ্ন

গোলাপের বৈচিত্র্যময় জগতে বড় ও একক ফুলের পাশাপাশি গুচ্ছবদ্ধ ছোট ফুলের অনন্য সৌন্দর্য ছড়িয়ে দেয় ‘ব্যালেরিনা রোজ’। রোজেসি গোত্রের এই গুল্মজাতীয় উদ্ভিদটি উদ্যানতাত্ত্বিক শ্রেণিবিন্যাসে হাইব্রিড মাস্ক রোজ গোষ্ঠীর অন্তর্ভুক্ত। ঝোপালো স্বভাবের বৃদ্ধির কারণে একে শ্রাব রোজ হিসেবেও চাষ করা হয়ে থাকে।

চলতি বছরের মার্চ মাসে ময়মনসিংহ শহরের ধোপাখলা এলাকায় অবস্থিত বিএনএসবি চক্ষু হাসপাতালের সামনের বাগানে ফুটন্ত এই ফুলের চোখধাঁধানো রূপ ফুটে ওঠে। ছোট ছোট সাদা-গোলাপি ফুলের গুচ্ছ সবুজ পাতার ওপর যেন এক মায়াবী আবরণ তৈরি করে। উদ্ভিদতাত্ত্বিক পরিভাষায় এর নাম Rosa ‘Ballerina’।

ইতিহাস থেকে জানা যায়, বিংশ শতাব্দীর প্রথমার্ধে যুক্তরাজ্যে ব্যালেরিনা রোজের উদ্ভাবন ও বিকাশ ঘটে। ১৯৩৭ সালে ব্রিটিশ গোলাপ-সংকরায়ণবিদ অ্যান বেন্টাল একে বাগানপ্রেমীদের মাঝে পরিচিত করে তোলেন। পরবর্তীতে বিশ্বজুড়ে নার্সারির মাধ্যমে এর বিস্তার ঘটে এবং বাংলাদেশের শৌখিন বাগানপ্রেমীদের কাছেও এটি বিদেশি জাতের চমৎকার গোলাপ হিসেবে পরিচিতি লাভ করে।

ব্যালেরিনা রোজের অন্যতম প্রধান আকর্ষণ হলো এর গুচ্ছবদ্ধ গঠন। প্রতিটি ফুল আকারে কিছুটা ছোট ও সরল প্রকৃতির এবং এতে সাধারণত পাঁচটি পাপড়ি থাকে। পাপড়ির প্রান্তভাগে হালকা গোলাপি আভা এবং ভেতরের অংশে সাদাটে ভাব দেখা যায়। ফুলের কেন্দ্রে শোভা পায় সোনালি হলুদ রঙের পুংকেশর। এর সামগ্রিক রূপ দেখতে অনেকটা আপেল ফুলের মতো কোমল ও স্নিগ্ধ।

গাছের শাখার অগ্রভাগে অসংখ্য ফুল একসঙ্গে ফোটে। পূর্ণ প্রস্ফুটনের সময় পাতা ঢেকে ফুলের গুচ্ছগুলো ভেসে ওঠে, যা দূর থেকে দেখলে সবুজের মাঝে গোলাপি-সাদা মেঘের মতো মনে হয়। একক ফুলের চেয়ে অনেক ফুলের এই সম্মিলিত রূপই ব্যালেরিনা রোজকে বিশেষত্ব দান করেছে।

উদ্ভিদবিজ্ঞানীদের মতে, গাছটির পাতা যৌগিক, সবুজ ও কিছুটা চকচকে। শাখাগুলো ছড়ানো হওয়ায় এটি ঝোপালো আকৃতি নেয়। অনুকূল পরিবেশে পূর্ণবয়স্ক গাছ প্রায় এক থেকে দেড় মিটার বা তারও বেশি উঁচু হতে পারে। তবে উচ্চতা ও বিস্তার নির্ভর করে গাছের জাত, পরিচর্যা ও আবহাওয়ার ওপর।

অনুকূল আবহাওয়া পেলে ব্যালেরিনা রোজ দীর্ঘ সময় ধরে ফুল ফুটিয়ে থাকে। সাধারণত বসন্ত ও গ্রীষ্মকালে প্রচুর ফুল ফোটে, তবে উপযুক্ত পরিবেশে বছরের অন্য সময়েও ফুল আসতে পারে। একবার প্রচুর ফুল ফোটার পর কিছুটা বিরতি দিয়ে পুনরায় গাছে নতুন ফুল ফোটে।

একক বড় ফুলের জাকজমক না থাকলেও গুচ্ছ সৌন্দর্যের কারণে এটি বাড়ির আঙিনা, ছাদবাগান, পার্ক বা প্রতিষ্ঠানের সীমানায় রোপণের জন্য অত্যন্ত উপযোগী। এটি বড় টবেও চাষ করা যায়, তবে শিকড় বিস্তার ও জলনিষ্কাশনের জন্য পর্যাপ্ত জায়গা থাকা প্রয়োজন। এছাড়া এর উন্মুক্ত ফুল পরাগবাহী পতঙ্গকে আকৃষ্ট করে জীববৈচিত্র্যে ইতিবাচক ভূমিকা রাখে বলে জানান মুমিনুন্নিসা সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান চয়ন বিকাশ ভদ্র।

সূত্র: প্রথম আলো
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗