ভূমধ্যসাগরে ট্র্যাজেডি: ১০৫ যাত্রীর নৌকা ডুবি, নিখোঁজ অন্তত ৭০—বাংলাদেশিও রয়েছেন

লেখক: Arisha Eme
প্রকাশ: ১ সপ্তাহ আগে
ভূমধ্যসাগরে ট্র্যাজেডি: ১০৫ যাত্রীর নৌকা ডুবি, নিখোঁজ অন্তত ৭০—বাংলাদেশিও রয়েছেন

লিবিয়া উপকূলের কাছে ভূমধ্যসাগরে ১০৫ জন অভিবাসনপ্রত্যাশী নিয়ে একটি কাঠের নৌকা ডুবে ভয়াবহ ট্র্যাজেডির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭০ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে ইতালির কোস্টগার্ড ও উদ্ধারকারী সংস্থাগুলো। এ ঘটনায় ৩২ জনকে জীবিত এবং ২ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃতদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও মিসরের নাগরিক রয়েছেন। জানা গেছে, লিবিয়ার তাজাউর শহর থেকে ইউরোপের উদ্দেশ্যে রওনা দেওয়া নৌকাটি উত্তাল সাগর ও প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায়।

জার্মান সংস্থা ‘সি-ওয়াচ’-এর ভিডিওতে দেখা গেছে, ডুবে যাওয়া নৌযানের অংশে আশ্রয় নিয়ে বাঁচার চেষ্টা করছেন অনেক যাত্রী। নিখোঁজদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারীরা।

উদ্ধার হওয়া ব্যক্তিদের ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে নেওয়া হয়েছে। তবে সময় যত গড়াচ্ছে, নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ততই ক্ষীণ হয়ে আসছে।

বিশেষজ্ঞরা বলছেন, নিরাপদ অভিবাসন ব্যবস্থার অভাব এবং দালালচক্রের প্রলোভনই এমন মৃত্যুযাত্রার মূল কারণ। ভূমধ্যসাগর এখন বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ অভিবাসন রুটে পরিণত হয়েছে।

  • নিখোঁজ অন্তত ৭০—বাংলাদেশিও রয়েছেন
  • ভূমধ্যসাগরে ট্র্যাজেডি: ১০৫ যাত্রীর নৌকা ডুবি