ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এর আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে। একই সময়ে নতুন করে আরও ২৮ শিশু ভর্তি হয়েছে, ফলে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৮৪ শিশু।
রোববার (২৬ এপ্রিল) সকালে হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা জানান, সাড়ে ৩ বছর বয়সী এক শিশু হামের উপসর্গ ও নিউমোনিয়া নিয়ে ত্রিশাল থেকে এসে ভর্তি হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ থেকে ২৬ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৮৫৬ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৭৫৫ জন। গত ২৪ ঘণ্টায়ই হাসপাতাল ছেড়েছে ৩৩ শিশু।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, তিনটি মেডিকেল টিম গঠন করে নতুন ভবনের ৮তলায় আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। চিকিৎসক ও নার্সরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।