আন্তর্জাতিক ডেস্ক: ২২ নভেম্বর ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাথে বাণিজ্য, ভ্রমণ, কার্বন নির্গমন এবং তরুণদের জন্য ভিসা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের পর যুক্তরাজ্যে ব্রেক্সিট পুনর্বিবেচনা নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম এসব চুক্তিকে প্রতিবেশীদের সাথে পূর্বে ভেঙে যাওয়া সম্পর্ক নতুন করে গড়ার প্রথম পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তবে এর জবাবে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে স্পষ্ট জানিয়েছেন যে ব্রেক্সিট ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং এটি নিয়ে পড়ে না থেকে সবার সামনে এগোনো উচিত।
শুক্রবার ব্রাসেলসে অনুষ্ঠিত এক সম্মেলনে যুক্তরাজ্য ও ইইউর মধ্যে একাধিক ঐতিহাসিক সমঝোতা হয়। এই চুক্তির আওতায় উভয় পক্ষের এক লাখ তরুণ-তরুণী অপর দেশে সর্বোচ্চ তিন বছর থাকা ও কাজ করার সুযোগ পাবেন। পাশাপাশি উদ্ভিদ ও প্রাণীজাত পণ্যের সীমান্ত পরীক্ষা বাতিল করা হয়েছে, যা খাদ্যপণ্যের দাম কমাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া উভয় পক্ষ কার্বন ট্যাক্স কমাতে নির্গমন ট্রেডিং স্কিম যুক্ত করার বিষয়েও সম্মত হয়েছে। যুক্তরাজ্যের প্রধান প্রধান সুপারমার্কেট চেইনগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
তবে বিবিসিতে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে এই প্রক্রিয়াকে অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ বলে সতর্ক করেছেন। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ব্রেক্সিট চুক্তি সম্পাদনে নেতৃত্ব দেওয়া থেরেসা মে বলেন, ব্রেক্সিট সংক্রান্ত আলোচনা অত্যন্ত কঠিন এবং এতে পুরো সরকারের বিশাল সময় ও শ্রম ব্যয় হয়। দেশবাসী ব্রেক্সিটের পক্ষে ভোট দিয়েছিল এবং সেটি বাস্তবায়ন করা হয়েছে উল্লেখ করে তিনি বার্নহামকে এটি মেনে নিয়ে সামনে এগোনোর পরামর্শ দেন।
অন্যদিকে, টোরি দলের উপ-প্রধান অ্যালেক্স বার্গহার্ট এই নতুন চুক্তির তীব্র বিরোধিতা করেছেন। তিনি স্কাই নিউজ এবং বিবিসিতে যুক্তি দেন যে ইইউর নিয়মকানুন পুনরায় মেনে চলা ব্রিটিশ কৃষকদের জন্য অতিরিক্ত ব্যয়ের কারণ হবে। একই সাথে তরুণদের ভিসা সুবিধা ব্রিটিশ তরুণদের কর্মসংস্থানে প্রভাব ফেলবে বলে তিনি দাবি করেন। বার্গহার্ট আরও হুঁশিয়ার করেন যে ভবিষ্যতে কনজারভেটিভ পার্টি ক্ষমতায় আসলে তারা শুক্রবারের এই চুক্তি বাতিল করবে।
বিতর্কের জবাবে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড জানিয়েছেন, ব্রেক্সিটের পর আমলাতান্ত্রিক জটিলতার কারণে খাদ্য রফতানি ২০ শতাংশ হ্রাস পেয়েছিল। নতুন এই সমঝোতার ফলে ব্যবসায়িক চাপ কমবে এবং খাদ্যপণ্যের মূল্যের ওপর ইতিবাচক প্রভাব পড়বে। তবে ইইউর পক্ষ থেকে সংশয় প্রকাশ করা হয়েছে যে যুক্তরাজ্যে ঘনঘন সরকার পরিবর্তনের ফলে রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে এই চুক্তিগুলো দীর্ঘমেয়াদে কতটা স্থায়ী হবে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।