
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার গারাদহ ইউনিয়নের মশিপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কৃষিজমির মাটি কেটে গভীর খাদ তৈরি করে মাটি উত্তোলনের প্রমাণ পাওয়া যায়। এ সময় একটি ভেকু মেশিন ও কয়েকটি ড্রাম ট্রাক জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট কয়েকজনকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান। অবৈধভাবে কৃষিজমি ধ্বংসের দায়ে স্থানীয় জুলমত হোসেনের ছেলে শাহালম হোসেনকে ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ভূমি অফিসের পেশকার মো. গোলাম কিবরিয়া।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান বলেন, সম্প্রতি শাহজাদপুর উপজেলায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রির প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। কৃষিজমি ও পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
