— বিজ্ঞাপন —

শেখ হাসিনার পুনরায় বিচারের কোনো আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

দেশে বিদ্যমান আইন অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিতীয়বার বিচার বা 'ডি নেভো ট্রায়াল'-এর কোনো সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
chief-prosecuter-aminul-islam-1794748789
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বাংলাদেশ ডেস্ক: ১৫ নভেম্বর ২০২৬, ৭:৫০ অপরাহ্ন

দেশে বিদ্যমান আইন অনুযায়ী পুনরায় বিচার বা ‘ডি নেভো ট্রায়াল’-এর কোনো আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। জুলাই মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনরায় বিচার বা ট্রায়াল প্রসঙ্গে ওঠা বক্তব্য প্রত্যাখ্যান করে তিনি এ কথা বলেন।

রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, একই বিষয় নিয়ে সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রীর দ্বিতীয়বার বিচার করার কোনো আইনি সুযোগ আমাদের দেশে নেই। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফে শেখ হাসিনার পুনর্বিচার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার প্রেক্ষাপটে তিনি এসব কথা বলেন। সংবাদে বলা হয়েছিল, ভারত সরকার চায় শেখ হাসিনাকে আপিলের সুযোগ দেওয়া হোক এবং তাঁর পুনর্বিচার করা হোক।

এ বিষয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, এটাকে ডি নেভো ট্রায়াল বলা হয়, যার অর্থ আরেকবার বিচার করা। ডি নেভো ট্রায়ালের এই আইনি ব্যবস্থা বাংলাদেশ, ভারত ও পাকিস্তান—সব দেশেই ছিল। তবে ভারতীয় এখতিয়ারে তারা এটি বাতিল করেছে। একইভাবে বাংলাদেশেও এটি বাতিল করা হয়েছে এবং পাকিস্তানেও নেই।

তিনি প্রশ্ন তুলে বলেন, যে দেশে এই প্রক্রিয়ার কোনো চর্চা নেই, সেই দেশ অন্য দেশকে কীভাবে ডি নেভো ট্রায়ালের পরামর্শ দেয়? ভারতে আশ্রিত শেখ হাসিনার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, তাদের আশ্রয়ে থাকা আসামিকে তারা কেন বাংলাদেশে এসে বিচার মোকাবিলা করার পরামর্শ দেয়নি কিংবা সময়মতো আপিল করতে বলেনি। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর এখন ডি নেভো ট্রায়ালের মতো কোনো প্রক্রিয়া আমাদের এখানে নেই।

আপিলের সময়সীমা প্রসঙ্গে চিফ প্রসিকিউটর জানান, নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর একজন সাজাপ্রাপ্তকে সময় বিলম্বের মার্জনা করে আপিল করার সুযোগ সরকার বা প্রসিকিউশন কেউই দিতে পারবে না। কারণ আইনটি যেভাবে তৈরি করা হয়েছে, সেভাবেই চলবে।

তিনি মনে করিয়ে দেন, আওয়ামী লীগ সরকার ১৯৭৩ সালে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন তৈরি করেছিল এবং সেই আইনের আলোকেই ২০১০ সালে ট্রাইব্যুনাল গঠন করা হয়। আওয়ামী লীগ সরকার ওই আইন এবং রুলস অফ প্রসিডিউর ব্যবহার করেই ২০২৪ সাল পর্যন্ত ট্রাইব্যুনাল পরিচালনা করেছে। প্রসিকিউশন আপিলের বিধানের ক্ষেত্রে কোনো আইন পরিবর্তন করেনি। আইনি সময়সীমা না থাকলে ইচ্ছা করলেও ট্রাইব্যুনাল বা সরকার আপিলের সুযোগ তৈরি করতে পারে না।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ডাদেশ দেন। পরবর্তী সময়ে রায় প্রকাশের পর আইনে নির্ধারিত ৩০ দিনের আপিলের সময়সীমা পার হয়ে গেছে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান শুরু থেকেই পলাতক রয়েছেন।

এদিকে, আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত ক্রসফায়ার, গুম, অপহরণ এবং জুলাই গণঅভ্যুত্থানের সময়ের মানবতাবিরোধী অপরাধের তদন্তে দেশব্যাপী গণশুনানির উদ্যোগ নিয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, এই কার্যক্রমের অংশ হিসেবে যশোর জেলা থেকে প্রথম গণশুনানি শুরু করা হবে।

তিনি বলেন, দেশে আর যাতে কোনো মানবতাবিরোধী অপরাধ, গুম বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো ঘটনা না ঘটে, সে লক্ষ্যেই এই যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন জেলায় সরেজমিনে গিয়ে গণশুনানি করা হবে এবং অপরাধের সত্যতা পাওয়া গেলে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।

সূত্র: সমকাল

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗