সড়কের বেহাল দশা: এমপির দৃষ্টি আকর্ষণে রাস্তায় দাঁড়িয়ে মাইকিং

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরীন জানিয়েছেন, সড়কটির কাজ বাস্তবায়নের জন্য সংসদ সদস্য বিভিন্ন পর্যায়ে চেষ্টা করছেন। তবে ঠিকাদার কাজ না করায় অগ্রগতি হচ্ছে না।
27258
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

 ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দীর্ঘদিন ধরে বেহাল একটি সড়ক সংস্কারের দাবিতে ব্যতিক্রমী উপায়ে স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নানের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন এক বাসিন্দা। রাস্তায় দাঁড়িয়ে মাইকে তিনি তুলে ধরেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীদের দুর্ভোগের কথা। সেই মাইকিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার নুরপুর-হরিপুর সড়কে এ মাইকিং করেন স্থানীয় বাসিন্দা মো. মলুদ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে স্থানীয় সংসদ সদস্যের উদ্দেশে বলতে শোনা যায়, গোকর্ণ ইউনিয়নের মানুষ নুরপুর থেকে হরিপুর পর্যন্ত যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বৃষ্টি হলে সড়কটি কাদায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সিএনজিচালিত অটোরিকশা ও রিকশায় যাতায়াত করাও কষ্টকর হয়ে যায়। বিশেষ করে শিক্ষার্থীদের দুর্ভোগের কথা তুলে ধরে তিনি বলেন, নুরপুর থেকে গোকর্ণ স্কুলে যাওয়া ছাত্রছাত্রীদের প্রতিদিন এই সড়ক ব্যবহার করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ অবস্থায় এলাকাবাসীর পক্ষ থেকে সড়কটি দ্রুত নির্মাণের উদ্যোগ নিতে সংসদ সদস্য এম এ হান্নানের প্রতি অনুরোধ জানান তিনি। ‘নিজে থেকেই মাইকিং করেছেন’ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাইকিংয়ের বিষয়ে জানতে মো. মলুদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার স্ত্রী পরিচয় দেওয়া এক নারী জানান, তারা মাইক ভাড়া দেওয়ার কাজ করেন। তার স্বামী কারও নির্দেশে নয়, নিজের উদ্যোগেই সড়কের দুরবস্থার কথা জানাতে মাইকিং করেছেন। তিনি বলেন, ‘আমরা গরিব মানুষ। মাইক ভাড়া দিই। আমার স্বামী নিজে থেকেই এ মাইকিংটা করেছে।’ ‘ক্ষোভ থেকেই এই মাইকিং’ গোকর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহীন বলেন, তিনি মাইকিংয়ের বিষয়টি শুনেছেন। দীর্ঘদিন রাস্তার কাজ না হওয়ায় মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, সেখান থেকেই এমন উদ্যোগ এসেছে বলে মনে করেন তিনি। তার ভাষ্য, ‘রাস্তা না হওয়ার ক্ষোভ থেকেই এ মাইকিং হয়েছে। এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করায় ভালো হয়েছে বলে মনে করি।

 ঠিকাদার কাজ করছেন না: ইউএনও

 নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরীন জানিয়েছেন, সড়কটির কাজ বাস্তবায়নের জন্য সংসদ সদস্য বিভিন্ন পর্যায়ে চেষ্টা করছেন। তবে ঠিকাদার কাজ না করায় অগ্রগতি হচ্ছে না। তিনি বলেন, ‘এ রাস্তাটির কাজ যেন হয়, সে বিষয়ে এমপি মহোদয় অনেক চেষ্টা করে যাচ্ছেন। বিভিন্ন জায়গায় এটা নিয়ে তিনি কথা বলেছেন। কিন্তু ঠিকাদার কাজ করছেন না।’ আবহাওয়া অনুকূলে এলে কাজের আশা এলজিইডি ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল মান্নান জানান, সড়কের কাজ নিয়ে ঠিকাদারের সঙ্গে কথা হয়েছে এবং বৃহস্পতিবার বিষয়টি নিয়ে বৈঠকও হয়েছে। তিনি বলেন, ‘আশা করি, আবহাওয়া অনুকূলে এলে ঠিকাদার কাজটি করে দেবেন।’ তবে সড়কটি নির্মাণে মোট কত টাকা ব্যয় হবে কিংবা কাজ কবে নাগাদ শেষ হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট সময়সীমা জানাতে পারেননি তিনি। দুর্ভোগের কথা পৌঁছাল মাইকে একটি সড়ক শুধু যানবাহন চলাচলের পথ নয়। স্থানীয় মানুষের শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন জীবনের সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে। নুরপুর-হরিপুর সড়কের দুরবস্থা নিয়ে মো. মলুদের এই ব্যতিক্রমী মাইকিং তাই ব্যক্তিগত কোনো আবেদনেই সীমাবদ্ধ থাকেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তা এখন এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ ও দ্রুত সড়ক নির্মাণের দাবিকেই সামনে নিয়ে এসেছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ