দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার আধুনিকায়নের আহ্বান: শিক্ষামন্ত্রী
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করতে কারিগরি ও কর্মমুখী শিক্ষাকে আধুনিক, যুগোপযোগী এবং বাজারের চাহিদাভিত্তিক করতে হবে।
বুধবার (৪ মার্চ) কারিগরি শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন মুহাম্মদ রফিকুল ইসলাম।
মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রায় ১৮ কোটি মানুষের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলা একটি বড় দায়িত্ব। সঠিকভাবে দক্ষতায় রূপান্তরিত জনশক্তি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করতে পারে।
এ লক্ষ্যে মন্ত্রী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ জোরদার করা, শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সংযোগ তৈরি এবং কারিকুলাম ও সিলেবাস আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, কারিগরি, ভোকেশনাল এবং পলিটেকনিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অতিরিক্ত তাত্ত্বিক শিক্ষার পরিবর্তে ব্যবহারিক ও কর্মমুখী প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।
মন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, “গতানুগতিকভাবে কাজ করলে চলবে না। নতুন উদ্যম ও দ্রুতগতিতে কাজ করতে হবে। প্রত্যেকে নিজের বিভাগে কী উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া প্রয়োজন তা নির্ধারণ করবে এবং সৃজনশীলতা ও নিজস্ব উদ্যোগের মাধ্যমে কাজ করবে।”
তিনি আরও জানান, আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি প্রেরণের সুযোগ সম্প্রসারণের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করা হবে।
মন্ত্রী মন্তব্য করেন, উন্নত বিশ্বের অনেক দেশে জনসংখ্যা কমছে, যা বাংলাদেশের জন্য বড় সুযোগ। এই জনশক্তিকে দক্ষ করে গড়ে তুললে বাংলাদেশ বিশ্বে শক্তিশালী মানবসম্পদ সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।
শিক্ষামন্ত্রী সকলকে সম্মিলিতভাবে এবং আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়নে কারিগরি শিক্ষা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
