
মাদারীপুরের শিবচর উপজেলায় গভীর রাতে ঘুমন্ত অবস্থায় এক গৃহবধুকে কুপিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোররাতে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান বেপারী কান্দি এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়।
নিহত গৃহবধুর নাম রোকেয়া বেগম (৬০)। তিনি জন্মান্ধ আবুল হোসেন মৃধার স্ত্রী। ভোররাতে রক্তাক্ত অবস্থায় তাকে ঘরের ভেতরে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়। হত্যাকাণ্ডের পেছনের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি পুলিশ।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আবুল হোসেন মৃধাকে আটক করা হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের সময় আবুল হোসেন মৃধা ও তার দুই সন্তান—আলী হোসেন এবং মোহাম্মদ মিয়া—একই ঘরে উপস্থিত ছিলেন। তবে কার হাতেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং এর পেছনের প্রকৃত কারণ কী, তা এখনও স্পষ্ট নয়।
নৃশংস এই হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
