
চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে পাঁচ লাখ পিস ইয়াবাসহ ৯ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭। উদ্ধার করা এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা বলে জানিয়েছে র্যাব।
শুক্রবার (১০ এপ্রিল) মধ্যরাতে পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকায় মাছ ধরার একটি ট্রলারে তল্লাশি চালিয়ে এই বড় চালানটি জব্দ করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন রোহিঙ্গা সদস্য রয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে র্যাব-৭ পতেঙ্গা সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, কক্সবাজার সীমান্তবর্তী এলাকা থেকে একটি ফিশিং বোটে করে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রামে আনা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, সন্দেহভাজন ট্রলারটি ১৫ নম্বর ঘাটের কাছাকাছি পৌঁছালে র্যাব সদস্যরা সেটিকে ঘিরে ফেলেন। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ৯ জনকে আটক করা হয়।
র্যাব জানায়, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ট্রলারটিতে তল্লাশি চালিয়ে ইঞ্জিন রুমের ভেতরে লুকিয়ে রাখা তিনটি প্লাস্টিকের বস্তা থেকে পাঁচ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার সীমান্ত এলাকা থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে ফিশিং বোটের মাধ্যমে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রি করতেন। মাছ ধরার আড়ালে তারা এই মাদক পাচার কার্যক্রম চালিয়ে আসছিলেন।
র্যাব-৭ এর অধিনায়ক হাফিজুর রহমান আরও জানান, এই চালানের মূল হোতা বা নেপথ্যের বড় কারবারিদের এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা ইয়াবা ও ট্রলারটি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
