নদী দখল ও বালু উত্তোলনের অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্তনাদ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সমসাবাদ এলাকায় ছোট যমুনা নদী ঘিরে অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জহুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে দায়ী করেছেন স্থানীয়রা।
অভিযোগে বলা হয়েছে, তিনি সরকারি নিয়ম উপেক্ষা করে নদীর স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ করে নদীর পাড় কেটে মাটি বিক্রি করছেন। একইসঙ্গে নদীর তীরবর্তী কৃষকদের জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন করা হচ্ছে, যার ফলে আবাদি জমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ক্ষতিগ্রস্ত কৃষক আরিফুল ইসলাম এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করেছেন। তিনি দাবি করেন, মাটি কাটা ও বালু উত্তোলনে বাধা দিলে কৃষকদের ভয়ভীতি দেখানো ও লাঞ্ছিত করা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। তবে অভিযুক্তদের কাউকে পাওয়া না গেলেও একটি ভেকু মেশিনের যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।
স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে নদী ও কৃষিজমি দুটোই চরম ক্ষতির মুখে পড়বে।
