ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরের নাসিরপুর গ্রামের মাঠ থেকে রাতের আঁধারে একটি সেচ প্রকল্পের দুটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।সময়মতো জমিতে পানি দিতে না পারলে ফসলের ক্ষতি হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা।
জানা গেছে গত রাতে নাসিরপুর দক্ষিণ সেচ প্রকল্পের খুঁটি থেকে ট্রান্সফরমার দুটি নামিয়ে নিয়ে গেছে।তারা ট্রান্সফরমারের ভেতরের মূল্যবান তামা ও অন্যান্য যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। ট্রান্সফরমারের খোলস দুটি নাসিরপুর পুরাতন সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় চোরেরা
নাসিরপুর দক্ষিণ সেচ প্রকল্পের পরিচালক বন্ধন দেব ট্রান্সফরমার চুরির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুটি ট্রান্সফরমার চুরি হয়ে যাওয়ায় প্রকল্পের সেচ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে আসন্ন বোরো মৌসুমে জমিতে সেচ দেওয়া নিয়ে তাঁরা চরম দুশ্চিন্তায় পড়েছেন।
সেচ প্রকল্পের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। তাঁদের আশঙ্কা, ট্রান্সফরমার না থাকায় প্রয়োজনের সময় জমিতে পানি সরবরাহ করা সম্ভব হবে না। এতে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে কৃষকদের।
এলাকাবাসী জানান, কৃষিকাজে সেচের জন্য বিদ্যুৎ ট্রান্সফরমার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের চুরির ঘটনা কৃষকদের স্বাভাবিক কৃষিকাজে বাধা সৃষ্টি করছে। তাই দ্রুত ট্রান্সফরমার প্রতিস্থাপন করে সেচব্যবস্থা সচল করা জরুরি। ঘটনার সঙ্গে জড়িত চোর চক্রকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।