আশুগঞ্জ থেকে বিশ্বরোডে আসার পথে নারীকে মারধর করে ছিনতাই, চলন্ত সিএনজি থেকে ফেলে দেওয়ার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে বিশ্বরোডে আসার পথে সিএনজিচালিত অটোরিকশার চালক ও তার সহযোগীদের বিরুদ্ধে এক নারী যাত্রীকে মারধর করে স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী সালমা আক্তার নাসিরনগর উপজেলার নাসিরপুর গ্রামের বাসিন্দা। তিনি জানান, গত ৮ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুগঞ্জ থেকে বিশ্বরোডের উদ্দেশ্যে একটি সিএনজিচালিত অটোরিকশায় যাত্রা করেন। যাত্রাপথে একে একে অন্যান্য যাত্রীরা নেমে গেলে অটোরিকশায় চালকসহ আরও দুই ব্যক্তি অবস্থান করছিলেন।
সালমা আক্তারের অভিযোগ, একপর্যায়ে ওই তিন ব্যক্তি তাকে মারধর করে তার কানের স্বর্ণের দুল, মোবাইল ফোন, নগদ টাকা এবং ব্যাগ ছিনিয়ে নেয়। পরে চলন্ত সিএনজি থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।
তিনি জানান, ছিনতাই হওয়া ব্যাগে তার জাতীয় পরিচয়পত্র, তার মায়ের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের রসিদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।
সালমা আক্তার বলেন, “টাকা-পয়সা বা মোবাইল ফোন না পেলেও আমার গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো ফিরে পেতে চাই। সিএনজি স্টেশনের সিরিয়ালের গাড়ি ছিল। চালককে দেখলে আমি চিনতে পারবো।”
তিনি এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে কেউ তার হারানো কাগজপত্রের সন্ধান পেলে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।
