
ব্রাক্ষনবাড়িয়া প্রতিনিধি, রতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর ও আশপাশের সীমান্তবর্তী কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
রোববার (১ জুন) সকাল থেকে আখাউড়া স্থলবন্দরের পাশে দিয়ে বয়ে চলা কলন্দি খাল, মোগড়া ইউনিয়ন দিয়ে বয়ে যাওয়া হাওড়া নদী দিয়ে অস্বাভাবিকভাবে পানি প্রবেশের কারণে তলিয়ে যাচ্ছে ওইসব গ্রামের রাস্তাঘাট।
স্থানীয় বাসিন্দারা জানান,গত ৩১মে শনিবার রাত থেকে এসব নদী, খাল দিয়ে পানি ঢুকছে। এতে এসব গ্রামের মানুষের দুর্ভোগ বেড়েছে।
গত বছর আগস্টে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার পানিতে তলিয়ে গিয়েছিল উপজেলার তিনটি ইউনিয়নের ২০টিরও বেশি গ্রাম। এতে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছিল। বন্যায় একজন গর্ভবতী নারী মৃত্যু এবং বহু খামারী ক্ষতিগ্রস্ত হয়েছিল।
ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনজুর রহমান বলেন, হাওড়া নদীর পানি ভারত অংশে স্বাভাবিকের চেয়ে প্রায় ৮৮ সেন্টিমিটার উপর দিয়ে বইছে।
তবে বাংলাদেশ অংশে এখনও কোনো বাধ ভাঙেনি। এখন পর্যন্ত বাংলাদেশ অংশে পানি বিপৎসীমা অতিক্রম করেনি, তবে চলমান অতিবৃষ্টি অব্যাহত থাকলে বন্যা দেখা দিতে পারে।
