হামে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে: দু’বছরের নিচে ৮০ শতাংশ, টিকাদান জরুরি
দেশে হাম রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনক মাত্রা ছুঁয়েছে। মহাখালী সংক্রামক ব্যাধী হাসপাতালে চিকিৎসকরা জানাচ্ছেন, হাম আক্রান্ত রোগীর ৮০ শতাংশই দু’বছরের নিচে। সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে ৪ থেকে ১৫ মাস বয়সী শিশুরা। সময়মতো চিকিৎসা শুরু না করলে মৃত্যুর হারও আশঙ্কাজনক।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সারাদেশ থেকে রোগী আসায় আসন সংকট সৃষ্টি হয়েছে। অনেক শিশু হাসপাতালে মেঝেতে চিকিৎসা নিচ্ছে। শেষ তিন মাসে হাসপাতালটিতে হাম রোগে ২০ শিশুর মৃত্যু হয়েছে; সবাই দু’বছরের নিচে। রোগটি বেশি ছড়াচ্ছে ঘনবসতি এলাকায়।
চিকিৎসকরা বলছেন, হাসপাতালে হাম ও চিকেন পক্স একই ইউনিটে চিকিৎসা করা হচ্ছে, যা স্বজনদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এ পরিস্থিতিতে চিকিৎসার চেয়ে টিকা দেওয়াকে বেশি ঝুঁকিমুক্ত এবং কার্যকর মনে করছেন বিশেষজ্ঞরা।
তাদের পরামর্শ, এপ্রিল-মে মাসে স্বাস্থ্য বিভাগের ক্যাম্পেইনে সব শিশুকে টিকা প্রদান নিশ্চিত করতে হবে। এছাড়া, দুই বছরের কম বয়সী শিশুদের বাসায় বড়দেরও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সতর্ক থাকতে হবে। এই পদক্ষেপে হাম নিয়ন্ত্রণে এবং শিশুর প্রাণ রক্ষা সম্ভব।
