অফিস শুরুর প্রথম ৪০ মিনিট নিজ কক্ষে থাকা বাধ্যতামূলক, কড়াকড়ি নির্দেশনা জনপ্রশাসনের
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত ও দাপ্তরিক শৃঙ্খলা জোরদারে নতুন নির্দেশনা জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার (২৯ মার্চ) জারি করা এক অফিস আদেশে জানানো হয়, প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত সকল কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ কক্ষে অবস্থান বাধ্যতামূলক করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, অফিস শুরুর এই গুরুত্বপূর্ণ সময়সীমায় কোনো ধরনের সভা বা দাপ্তরিক কর্মসূচি নির্ধারণ করা যাবে না, যাতে সকল কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করা যায়। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও অনুরূপ নির্দেশনা দেওয়া হয়েছিল, যা এখন আরও কঠোরভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া অফিস ব্যবস্থাপনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার না করে জানালা ও দরজা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় লাইট, ফ্যান ও এসি বন্ধ রাখা এবং এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখার নির্দেশনাও রয়েছে। একই সঙ্গে অফিস কক্ষ ত্যাগের সময় কম্পিউটার, প্রিন্টারসহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।
পরিচ্ছন্নতা রক্ষায়ও নেওয়া হয়েছে কড়াকড়ি পদক্ষেপ। অফিস কক্ষ, করিডোর, সিঁড়ি ও টয়লেট নিয়মিত পরিষ্কার রাখতে হবে এবং এসব কার্যক্রম তদারকির জন্য প্রতিটি দপ্তর ও সংস্থায় ‘ভিজিল্যান্স টিম’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি দপ্তরগুলোতে শৃঙ্খলা, জবাবদিহিতা ও সাশ্রয়ী ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই নির্দেশনা কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
