আহমদ রেজা চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি : চট্টগ্রামের চাঁদগাঁও থানা সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অপরিকল্পিত পার্কিং ও যত্রতত্র যাত্রী ওঠানামার কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। সড়কের দুই পাশে বাস, ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন ইচ্ছেমতো পার্কিং করায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ যাত্রী, স্কুল-কলেজের শিক্ষার্থী, পথচারী ও রোগীবাহী যানবাহনের চালক-যাত্রীরা।
স্থানীয়দের অভিযোগ, চাঁদগাঁও থানার পুরাতন ও নতুন ভবনের সংলগ্ন এলাকায় বাসস্ট্যান্ড থাকলেও নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা ও শৃঙ্খলাপূর্ণ যাত্রী ওঠানামার ব্যবস্থা না থাকায় অনেক পরিবহন চালক সড়কের ওপর কিংবা সড়কের পাশে নিজেদের ইচ্ছেমতো গাড়ি দাঁড় করিয়ে রাখেন। পাশাপাশি নির্ধারিত স্থান ছাড়া যাত্রী ওঠানামা করানোর কারণে যানজট আরও তীব্র হয়ে ওঠে।
ব্যস্ত সময়ে সড়কের দুই পাশে বাস, ট্রাক, সিএনজি অটোরিকশা ও অন্যান্য যানবাহন দাঁড়িয়ে থাকায় যান চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়ে। ফলে সামান্য যানজট ধীরে ধীরে দীর্ঘ যানজটে রূপ নেয়। বিশেষ করে অ্যাম্বুলেন্স ও রোগীবাহী যানবাহন আটকে পড়ায় জরুরি চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রেও বিড়ম্বনায় পড়তে হয় বলে অভিযোগ স্থানীয়দের।
চাঁদগাঁও থানার মতো গুরুত্বপূর্ণ স্থাপনার পাশেই প্রতিদিন এমন পরিস্থিতি তৈরি হলেও কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা ও নিয়মিত নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, প্রশাসনের উপস্থিতি ও নজরদারি থাকা সত্ত্বেও সড়কের ওপর যত্রতত্র পার্কিং ও যাত্রী ওঠানামা বন্ধ হচ্ছে না।
এদিকে চাঁদগাঁও এলাকার ওপর দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। পাশাপাশি বিভিন্ন স্থান থেকে আসা পর্যটক ও দর্শনার্থীদের যানবাহনও এ সড়ক ব্যবহার করে। ফলে যানজটের কারণে শুধু স্থানীয় বাসিন্দারাই নন, দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরাও ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত এ সমস্যার সমাধানে নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা চালু, নির্ধারিত স্থানে যাত্রী ওঠানামা নিশ্চিত, সড়কের ওপর অবৈধ পার্কিং বন্ধ এবং নিয়মিত ট্রাফিক নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।
তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে চাঁদগাঁও থানা সংলগ্ন এলাকায় দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ অনেকাংশে কমে আসবে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।