— বিজ্ঞাপন —

চাঁদপুরে রেলস্টেশন থেকে ছিনতাই হওয়া স্বর্ণালংকার ডাকাতিয়া নদীর পন্টুন থেকে উদ্ধার, গ্রেপ্তার ৩

চাঁদপুর রেলস্টেশন থেকে ছিনতাই হওয়া ব্যাগ থেকে ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও মুঠোফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
চাঁদপুরে রেলস্টেশন থেকে ছিনতাই হওয়া স্বর্ণালংকার ডাকাতিয়া নদীর পন্টুন থেকে উদ্ধার, গ্রেপ্তার ৩
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ইসলাম ডেস্ক: ৮ নভেম্বর ২০২৬, ৬:৫১ অপরাহ্ন

একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পরিবারের সদস্যদের নিয়ে চট্টগ্রামে যাওয়ার পথে চাঁদপুর রেলস্টেশনে ছিনতাইয়ের শিকার হন ফাতেমা আক্তার নামে এক নারী। গত ৫ নভেম্বর ভোরে চাঁদপুর রেলস্টেশনে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের জন্য অপেক্ষাকালে দুর্বৃত্তরা তাঁর ভ্যানিটি ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইয়ের শঙ্কায় স্বজনদের সব স্বর্ণালংকার, নগদ টাকা ও মুঠোফোন ওই একটি ব্যাগেই নিরাপদে রেখেছিলেন তিনি।

এ ঘটনার পর চাঁদপুর ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। পরে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁদপুর বড় স্টেশনের কাছে ডাকাতিয়া নদীর ভিআইপি ঘাটের একটি পন্টুনের সুড়ঙ্গের ভিতর লুকানো অবস্থা থেকে ছিনতাই হওয়া ১৮ ভরি স্বর্ণালংকার, ৪৮ হাজার টাকা এবং একটি মুঠোফোন উদ্ধার করা হয়।

আজ রোববার দুপুরে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাঁদপুর সদর উপজেলার শ্রমিক কলোনি এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. জাহিদ হোসেন (২১), একই এলাকার আবদুল মালেক কোড়ালীর ছেলে রাব্বি হোসেন (২৪) এবং একই এলাকার প্রয়াত শফিকের ছেলে জাহিদ (২১)।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ফাতেমা আক্তার চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা। ছিনতাই হওয়া ব্যাগে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১৯ ভরি স্বর্ণালংকার, ১ লাখ ২৫ হাজার টাকা এবং তিনটি মুঠোফোন ছিল। ঘটনার পর ফাতেমার ভাই মো. মেরাজুল ইসলাম বাদী হয়ে চাঁদপুর রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পর ঘটনার গুরুত্ব বিবেচনা করে গোয়েন্দা পুলিশ ছায়া তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে। প্রথমে চাঁদপুর শহরে অভিযান চালিয়ে মূল হোতা মো. জাহিদ হোসেন ও রাব্বি হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজকান্দি গ্রামে অভিযান চালিয়ে বোনের শ্বশুরবাড়ি থেকে অপর আসামি জাহিদকে গ্রেপ্তার করে পুলিশ।

কিশোরগঞ্জ থেকে জাহিদকে গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে নগদ ৪৮ হাজার টাকা ও একটি মুঠোফোন জব্দ করা হয়। পরবর্তীতে তাঁর দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী চাঁদপুর বড় স্টেশনের ডাকাতিয়া নদীর ভিআইপি ঘাটের পন্টুনের সিঁড়ির নিচ ও সুড়ঙ্গ থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার জব্দ করা হয়। উদ্ধার করা অলংকারের মধ্যে রয়েছে সাতটি সোনার চেইন, পাঁচটি আংটি, চার জোড়া কানের দুল, দুটি চুড়ি, একটি হার ও একটি ব্রেসলেট।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর জানান, ছিনতাইকারীদের কাছ থেকে ১৮ ভরি স্বর্ণালংকার, ৪৮ হাজার টাকা ও একটি মুঠোফোন উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে বাকি স্বর্ণালংকার, টাকা ও মুঠোফোন এখনো উদ্ধার করা যায়নি। আসামিদের ইতোমধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র: প্রথম আলো
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗