আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান–এ ঈদের প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। এখানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন–এর প্রশাসক মো. আব্দুস সালাম।
সোমবার (১৬ মার্চ) সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
ডিএসসিসি প্রশাসক বলেন, ঈদের জামাত নির্বিঘ্ন ও নিরাপদ করতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর উপস্থিতি বিবেচনায় তার নিরাপত্তার জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হবে।
তিনি আরও জানান, ঈদগাহ ময়দানে ভিআইপি ব্লকে পুরুষদের জন্য ২৫০ জন এবং নারীদের জন্য ৮০ জনের নামাজ আদায়ের আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি সাধারণ মুসল্লিদের জন্য পুরো মাঠ প্রস্তুত করা হয়েছে, যেখানে প্রায় ৩৫ হাজার মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।
মুসল্লিদের সুবিধার্থে পর্যাপ্ত আলোকসজ্জা ও ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ টয়লেট, প্রাথমিক চিকিৎসা সেবা এবং বৃষ্টি হলে বিকল্প ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি।
সংশ্লিষ্টরা আশা করছেন, সব প্রস্তুতি সম্পন্ন হওয়ায় এবার রাজধানীর জাতীয় ঈদগাহে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।