— বিজ্ঞাপন —

যুক্তরাষ্ট্রে সরকারি তথ্য ও নথি ধ্বংস না করার হুঁশিয়ারি ডেমোক্র্যাট নেতার

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা সংবেদনশীল সরকারি নথি এবং এনক্রিপ্ট করা বার্তা মুছে ফেলে কেন্দ্রীয় সংরক্ষণ আইন লঙ্ঘন করছেন বলে অভিযোগ তুলেছেন মার্কিন কংগ্রেসম্যান জেমি রাস্কিন।
যুক্তরাষ্ট্রে সরকারি তথ্য ও নথি ধ্বংস না করার হুঁশিয়ারি ডেমোক্র্যাট নেতার
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

আন্তর্জাতিক ডেস্ক: ২০ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে (ডিএইচএস) কেন্দ্রীয় রেকর্ড সংরক্ষণ আইন মেনে সরকারি নথি সুরক্ষার নির্দেশ দিয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির অন্যতম শীর্ষ আইনপ্রণেতা জেমি রাস্কিন। সম্প্রতি পাঠানো এক চিঠিতে তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন, আগামী জানুয়ারি থেকে প্রতিনিধি পরিষদের জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান পদে দায়িত্ব নেওয়ার পর তিনি এসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবেন।

মেরিল্যান্ড থেকে নির্বাচিত কংগ্রেসম্যান জেমি রাস্কিন অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কর্মকর্তারা সিগন্যালের মতো অননুমোদিত বার্তা আদান-প্রদান অ্যাপ ব্যবহার করছেন, যা নির্দিষ্ট সময় পর বার্তা স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলে। এর মাধ্যমে তারা সরকারি নথি বিনষ্ট করছেন এবং স্বচ্ছতা বজায় রাখতে ব্যর্থ হচ্ছেন।

রাস্কিন বৃহস্পতিবার মার্কিন বিচার বিভাগ ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের পাশাপাশি তাদের আওতাধীন এফবিআই, আইস (আইসিই) এবং ব্যুরো অব প্রিজন্সের শীর্ষ প্রধানদের কাছেও এই চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি সরকারি কর্মচারীদের ডিজিটাল যোগাযোগসহ সমস্ত নথি ধ্বংসের হাত থেকে রক্ষার আইনি বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দেন।

প্রমাণ হিসেবে রাস্কিন একটি সিগন্যাল বার্তার স্ক্রিনশট উপস্থাপন করেন। সেখানে দেখা যায়, এফবিআইয়ের শীর্ষ আইনজীবী স্যামুয়েল রামের এবং ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়ারের ঘনিষ্ঠ সহযোগী ড্রু লিঞ্চের মধ্যকার বার্তাগুলো এক সপ্তাহ পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ার জন্য সেট করা হয়েছিল।

মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চকে উদ্দেশ্য করে রাস্কিন লিখেছেন, এফবিআইয়ের শীর্ষ আইনজীবীর উচিত তার ৩৫ হাজার কর্মীকে সরকারি নথি সংরক্ষণে নির্দেশ দেওয়া। কিন্তু তার পরিবর্তে তিনি নিজেই তথ্য মুছে যাওয়ার মতো একটি প্ল্যাটফর্মে সরকারি কাজ পরিচালনা করেছেন।

রাস্কিনের মতে, এটি কোনো একক ঘটনা নয়; এমন আরও অনেক ঘটনা জুডিশিয়ারি কমিটির নজরে এসেছে। তিনি দাবি করেন, ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা রেকর্ড গোপন, বিকৃত ও ধ্বংসের ব্যাপক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। বিশেষ করে আসন্ন কংগ্রেসীয় তদন্তের মুখে তারা নথিপত্র মুছে ফেলার চেষ্টা করছেন।

ডেমোক্র্যাটিক এই নেতা সরকারি সংস্থাগুলোকে ডাটা ব্যাকআপ বা সম্পর্কিত মেটাডাটা ব্যবহার করে তাৎক্ষণিকভাবে এই মুছে যাওয়া রেকর্ডগুলো উদ্ধারের নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ বাস্তবায়নে তিনি আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন।

তবে ডেমোক্র্যাটদের সম্ভাব্য তদন্তের পদক্ষেপের কড়া জবাব দেওয়ার আভাস দিয়েছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের শীর্ষ আইনজীবী উইল শার্ফ ডেমোক্র্যাটদের চিঠি পাঠিয়ে দাবি করেছেন, নতুন কংগ্রেস এখনো শপথ গ্রহণ না করায় বর্তমান জুডিশিয়ারি কমিটির র্যাংকিং মেম্বারের এসব অনুরোধ পালনে তারা আইনত বাধ্য নন।

অন্যদিকে, হোয়াইট হাউস ও বিচার বিভাগের মুখপাত্ররা জানিয়েছেন, প্রশাসন সরকারি রেকর্ড সংরক্ষণের সমস্ত কেন্দ্রীয় আইন ও নিয়ম কঠোরভাবে মেনে চলে। বিচার বিভাগ এক বিবৃতিতে রাস্কিনের অভিযোগ অস্বীকার করার পাশাপাশি তাকে উদ্দেশ্য করে রাজনৈতিক মন্তব্যও করে।

সূত্র: Al Jazeera (English)
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗