বাংলাদেশ ডেস্ক: ২১ নভেম্বর ২০২৬, ৩:৫১ পূর্বাহ্ন
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভসের সংগঠক মাহফুজ আলম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনার একমাত্র পরিণতি হতে হবে প্রত্যর্পণ ও আত্মসমর্পণ। একই সঙ্গে সন্ত্রাস ও খুনের রাজনীতি ত্যাগ করা ছাড়া সমঝোতা বা রিকনসিলিয়েশনের কোনো আলোচনার সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেছেন।
শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম এই বক্তব্য তুলে ধরেন। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে দেশে সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতা তৈরি হওয়ার প্রেক্ষাপটে জুলাই গণ-অভ্যুত্থানের সাবেক এই শীর্ষ সংগঠক এই মন্তব্য করলেন।
মাহফুজ আলম তাঁর পোস্টে উল্লেখ করেন, রিকনসিলিয়েশন বা পুনর্বাসনের আলোচনার জন্য গত ১৭ বছরের ফ্যাসিবাদের সত্য স্বীকার করতে হবে, অপরাধের বিচারের মুখোমুখি হতে হবে এবং আনুষ্ঠানিকভাবে সন্ত্রাস ত্যাগের ঘোষণা দিতে হবে। এসব শর্ত পূরণ না হলে কোনো ধরনের আলোচনার পরিবেশ তৈরি হতে পারে না।
তিনি আরও জানান, ২০২৪ সালের ২১ আগস্ট গৃহযুদ্ধের মতো সম্ভাব্য সিভিল ওয়ার পরিস্থিতি এড়াতেই তিনি প্রথম রিকনসিলিয়েশনের কথা তুলেছিলেন। জুলাই গণ-অভ্যুত্থানের সংগঠকদের মধ্যে হয়তো তিনিই প্রথম এই কথা বলেছিলেন, কিন্তু প্রতিপক্ষের অস্থিমজ্জায় সন্ত্রাস রয়ে গেছে এবং তাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা বা পর্যালোচনার মনোভাব নেই।
মাহফুজ আলমের মতে, সন্ত্রাস ও খুনের রাজনীতি অব্যাহত রাখলে দেশের অস্থিতিশীলতা, শিল্প ও বাণিজ্য ধ্বংস এবং জীবন ও সম্পদের ক্ষতির জন্য সম্পূর্ণ দায়ী থাকবে সংশ্লিষ্ট দলটি এবং তাদের আশ্রয়-প্রশ্রয়দানকারী রাষ্ট্র।
সর্বশেষে তিনি চলমান সীমান্ত পেরিয়ে আসা সন্ত্রাস বা ট্রান্স-বর্ডার সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্বের স্বার্থে সরকার এবং জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সূত্র: প্রথম আলো

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।