ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়া ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া-বুড়িচং সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ ২৬ হাজার ৯০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, ফুচকা, আতশবাজি, কুঁচিয়া মাছ, গরু, মদ, গাঁজা ও একটি মোটরসাইকেল।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর মনিয়ন্দ, কসবা, চন্ডিদার, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার সালদানদী ও শশীদল-খারেরা বিওপির টহলদল অংশ নেয়।
বিজিবি সূত্র জানায়, সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির নির্দেশনায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এ সময় ভারত থেকে অবৈধভাবে দেশে আনার চেষ্টা করা বিভিন্ন খাদ্যপণ্য, গবাদিপশু, মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি সামগ্রী জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার এবং পুশ-ইন ঠেকাতে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
সীমান্ত সুরক্ষা নিশ্চিত ও চোরাচালান দমনে ভবিষ্যতেও অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে সুলতানপুর ব্যাটালিয়ন। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।