— বিজ্ঞাপন —

ব্রিটেনে অভিবাসীবাহী নৌকা কাটার অপরাধে ডানপন্থী অ্যাক্টিভিস্ট ‘ড্যানি টমো’র কারাদণ্ড

ফ্রান্স থেকে যুক্তরাজ্যে অভিবাসীদের নিয়ে আসা একটি রাবারের নৌকা ছুরি দিয়ে কেটে ফেলার অপরাধে ব্রিটিশ ডানপন্থী অ্যাক্টিভিস্ট ড্যানিয়েল থমাসকে ১৫ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
ব্রিটেনে অভিবাসীবাহী নৌকা কাটার অপরাধে ডানপন্থী অ্যাক্টিভিস্ট ‘ড্যানি টমো’র কারাদণ্ড
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

আন্তর্জাতিক ডেস্ক: ২০ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

ফ্রান্স থেকে যুক্তরাজ্যে অভিবাসীদের নিয়ে আসা একটি ছোট রাবারের নৌকা ছুরি দিয়ে কেটে ফেলার অপরাধে ড্যানিয়েল থমাস নামে এক ব্রিটিশ ডানপন্থী ও অভিবাসনবিরোধী অ্যাক্টিভিস্টকে ১৫ মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত। ড্যানিয়েল থমাস ‘ড্যানি টমো’ নামেও পরিচিত।

৩৭ বছর বয়সী ড্যানিয়েল থমাস যুক্তরাজ্যের অভিবাসনবিরোধী গোষ্ঠী ‘প্যাট্রিয়ট প্ল্যাটফর্ম’-এর প্রতিষ্ঠাতা। এই গোষ্ঠীটি চলতি বছরের শুরুর দিকে শত শত বিক্ষোভকারীকে সংগঠিত করেছিল। চলতি মাসের শুরুর দিকেই তিনি অপরাধমূলক ক্ষয়ক্ষতির (ক্রিমিনাল ড্যামেজ) অভিযোগ স্বীকার করে নেন।

ঘটনাটি ঘটে গত ২২ সেপ্টেম্বর। থমাস ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা অভিবাসীবাহী একটি ছোট নৌকার পিছু নেন এবং পুরো ঘটনাটি লাইভস্ট্রিমে সম্প্রচার করেন। নৌকায় থাকা অভিবাসীদের অন্য একটি নৌকায় স্থানান্তর করে তীরে নিয়ে যাওয়া হয়েছিল।

এর পরপরই ফরাসি জরুরি উদ্ধারকারী দলের এক সদস্য ওই নৌকায় উঠলে থমাস সেটির দিকে এগিয়ে যান এবং ছুরি দিয়ে রাবারের নৌকাটি কেটে ফেলেন। এ সময় তিনি চিৎকার করে বলতে থাকেন, নৌকা থেকে নেমে যান এবং এদের ফেরত নিয়ে যান। ঘটনার কিছু পরেই ব্রিটিশ পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পোর্টসমাউথ ক্রাউন কোর্টে রায় ঘোষণার সময় বিচারক জেমস নিউটন-প্রাইস বলেন, থমাসের এই অপরাধ ইংলিশ চ্যানেলে ফরাসি ও ব্রিটিশ কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল কার্যক্রমে স্পষ্ট হস্তক্ষেপ ও উদ্দেশ্যপ্রণোদিত বিঘ্ন ঘটানোর শামিল।

উদ্ধারকর্মীদের কাজ কতটা কঠিন তা উল্লেখ করে বিচারক আরও বলেন, প্রচার পাওয়ার উদ্দেশ্যে ছুরি দিয়ে নৌকা কেটে ফেলার মাধ্যমে কর্তৃপক্ষের এই জরুরি কার্যক্রমকে ব্যাহত করা কোনোভাবেই উচিত নয়।

প্রসিকিউটর জোয়েল স্মিথ আদালতকে জানান, ঘটনার ফুটেজ প্রদর্শন করার সময় থমাস কারাগার থেকে ভিডিও লিংকের মাধ্যমে আদালতে উপস্থিত ছিলেন এবং অধিকাংশ সময় মাথা নিচু করে রেখেছিলেন। বিচারক স্বীকার করেন যে ফরাসি উদ্ধারকারীর কোনো তাৎক্ষণিক প্রাণসংশয় ছিল না, তবে থমাসের কাজ ছিল উদ্ধার তৎপরতা ব্যাহত করার একটি পরিকল্পিত চেষ্টা।

আদালতকে জানানো হয় যে থমাসের বিরুদ্ধে এর আগেও অপহরণসহ পাঁচটি অপরাধের সাজা রয়েছে। এছাড়া আগামী বছরের জুনে লন্ডনে তার বিরুদ্ধে আরও কিছু অপরাধের বিচার শুরু হওয়ার কথা রয়েছে, যার মধ্যে গত মার্চে ডোভারের একটি অভিবাসী প্রক্রিয়াকরণ কেন্দ্রের সংরক্ষিত এলাকায় অনধিকার প্রবেশের অভিযোগ অন্তর্ভুক্ত।

ছোট নৌকায় করে যুক্তরাজ্যে অভিবাসীদের আগমন দেশটির একটি অন্যতম রাজনৈতিক ইস্যু। ইউকে সরকারি তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে ছোট নৌকায় আগমনকারীর সংখ্যা কিছুটা কমলেও ডানপন্থী বিরোধী দল ও অভিবাসনবিরোধীরা সরকারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে আসছে।

সূত্র: Al Jazeera (English)
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗