
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় (কেপি) আফগান সীমান্তের কাছে পৃথক বোমা বিস্ফোরণের ঘটনায় ছয় পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া আরও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
কেপি পুলিশের এক কর্মকর্তা জানান, প্রথম বিস্ফোরণটি ট্যাংক জেলার গোমাল বাজার সড়কে ঘটে। সেখানে পুলিশের একটি সাঁজোয়া যান লক্ষ্য করে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বা রিমোট কন্ট্রোল বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে ঘটনাস্থলেই স্টেশন হাউস অফিসার (এসএইচও)সহ ছয় পুলিশ সদস্য প্রাণ হারান।
একই দিনে প্রদেশের লাক্কি মারওয়াত জেলার সদর থানার আওতাধীন দারা টাং এলাকায় আরেকটি পৃথক ঘটনায় পুলিশের একটি গাড়িকে লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় এসএইচওসহ তিন পুলিশ সদস্য আহত হন। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে একজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানান।
হামলার ঘটনায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি তীব্র নিন্দা জানিয়েছেন এবং নিহত পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর লড়াই অব্যাহত থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, হামলার পরপরই পাকিস্তানের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) পেশোয়ার, বান্নু ও খাইবার জেলায় সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে। এসব অভিযানে অন্তত আটজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে কর্মকর্তারা ধারণা করছেন, আফগান তালেবানের সঙ্গে সম্পর্কযুক্ত পাকিস্তানি ইসলামপন্থী জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার পেছনে জড়িত থাকতে পারে।
উল্লেখ্য, ২০২২ সালের শেষ দিকে পাকিস্তান সরকারের সঙ্গে যুদ্ধবিরতি প্রত্যাহারের পর থেকে টিটিপি দেশটির সেনাবাহিনী ও পুলিশের ওপর ধারাবাহিক হামলা চালিয়ে আসছে। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে তাদের সন্ত্রাসী তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
সূত্র: ডন, আনাদোলু
