ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ-সাউন্ড গ্রেনেডে আহত অনেকে

ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ-সাউন্ড গ্রেনেডে আহত অনেকে
ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ-সাউন্ড গ্রেনেডে আহত অনেকে
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

জাতিসংঘের অধীনে শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে ইনকিলাব মঞ্চের কয়েকজন নেতা-কর্মীসহ বেশ কয়েকজন আহত হন।

শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এই সংঘর্ষ হয়। এর আগে বৃহস্পতিবার বিকেল থেকে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন—এক অংশ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এবং অন্য অংশ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে। কর্মসূচিকে কেন্দ্র করে ওই এলাকায় পুলিশ ব্যারিকেড দিয়ে নিরাপত্তা জোরদার করে।

আজ যমুনার সামনে অবস্থান করছিলেন নিহত ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পাসহ কয়েকজন। অন্যদিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মারসহ কয়েক শ বিক্ষোভকারী অবস্থান নেন।

বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমাসহ কয়েকজন যমুনার দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থাকা ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা ব্যারিকেড ভেঙে যমুনার দিকে এগোতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রথমে জলকামান থেকে পানি ছোড়ে, পরে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে এবং লাঠিচার্জ চালায়। জবাবে বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে বোতল ও ইটপাটকেল নিক্ষেপ করেন। এই সংঘর্ষে ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ বেশ কয়েকজন আহত হন।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ইনকিলাব মঞ্চের বিক্ষুব্ধ লোকজন পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনা ঘেরাওয়ের চেষ্টা করে। এ সময় বিক্ষোভকারীদের একটি অংশ জলকামানের ওপর উঠে সেটি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে। জনস্বার্থে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য হয়।

সংঘর্ষের পর বিকেল সাড়ে চারটার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আসেন ঢাকা-৮ আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। পরে তাঁকে সঙ্গে নিয়ে উপস্থিত লোকজন একটি প্রতিবাদ মিছিল বের করেন, যা ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে শাহবাগ মোড়ের দিকে এগিয়ে যায়।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ