জ্ঞান ও আমলের ফিতরাতি সম্পর্ক: বাস্তুতন্ত্রের দার্শনিক বিশ্লেষণ

ফিতরাতি বাস্তুবিদ্যার দৃষ্টিতে জ্ঞান কখনোই নিজেকে দিয়ে পূর্ণতা পায় না, বরং কর্ম বা আমলের মাধ্যমেই এটি পূর্ণতা লাভ করে। আধুনিক জ্ঞানতত্ত্বের বিপরীতে এই দর্শন জ্ঞান ও আমলের এক গভীর সমন্বিত চিত্র তুলে ধরে।
জ্ঞান ও আমলের ফিতরাতি সম্পর্ক: বাস্তুতন্ত্রের দার্শনিক বিশ্লেষণ
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ইসলামিক ডেস্ক:  ফিতরাতি বাস্তুবিদ্যার দৃষ্টিতে জ্ঞান এবং কর্মের সম্পর্ক অত্যন্ত গভীর ও অবিচ্ছেদ্য। এই দর্শনে জ্ঞান কখনোই নিজেকে দিয়ে কামিল বা পূর্ণাঙ্গ হয় না। জ্ঞানের স্বাভাবিক নতিজা বা ফলাফল হলো কর্ম, আর কর্মের অন্তর্নিহিত মূল বনিয়াদ বা ভিত্তি হলো জ্ঞান। উভয়কে একে অপর থেকে বিচ্ছিন্ন করা মানে মানুষের অস্তিত্বকেই খণ্ডিত করা। মানুষ শুধু জানার জন্য জানে না, আবার না জেনেও কোনো কাজ যথার্থভাবে করতে পারে না। জ্ঞান কর্মের মধ্য দিয়েই পূর্ণতা পায় এবং কর্ম জ্ঞানের মাধ্যমে হেদায়েত বা সঠিক পথ অর্জন করে।

আধুনিক জ্ঞানতত্ত্বের একটি বড় প্রবণতা হলো জ্ঞানকে নিরপেক্ষ বলে মনে করা, যেখানে জ্ঞানের সঙ্গে মানুষের আখলাকি বা নৈতিক জিম্মাদারির কোনো সম্পর্ক রাখা হয় না। সেখানে কোনো তত্ত্ব সত্য কি না, সেটাই একমাত্র প্রশ্ন হয়ে ওঠে। তবে ফিতরাতি বাস্তুতন্ত্র এই বিচ্ছিন্নতাকে সম্পূর্ণ অস্বীকার বা এনকার করে। এই দর্শন অনুযায়ী, কোনো জ্ঞান যদি মানুষের জীবনে, চরিত্রে এবং সভ্যতায় কোনো ইতিবাচক পরিবর্তন না আনে, তবে সেই জ্ঞান এখনো তার মূল উদ্দেশ্যে পৌঁছাতে পারেনি।

ফিতরাতি দর্শনে ইলম বা জ্ঞানকে একটি আমানত হিসেবে দেখা হয়। আমানতের মূল বৈশিষ্ট্য হলো তা ধারণ করলেই দায়িত্বের জন্ম হয়। ফলে মানুষ যখন কোনো সত্য জানতে পারে, তখন সে শুধু নতুন তথ্য পায় না, বরং নতুন এক দায়িত্ব গ্রহণ করে। যেমন—মাটির উর্বরতা সম্পর্কে জানা কৃষকের ওপর মাটি হেফাজতের জিম্মাদারি আসে, ন্যায়ের নীতি জানা শাসকের ওপর ইনসাফ কায়েমের দায়িত্ব বর্তায় এবং সত্য জানা আলেমের ওপর সেই সত্যের সাক্ষ্য বহনের দায়িত্ব আসে। জ্ঞান তাই কেবল অধিকার নয়, এটি দায়িত্বের সূচনা।

ফিতরাতি বাস্তুতন্ত্রে জ্ঞানকে কোনো স্থবির বিষয় হিসেবে ভাবা হয় না, বরং এটিকে একটি চলমান রূপান্তর হিসেবে বিবেচনা করা হয়। এই প্রক্রিয়ায় সত্য প্রথমে মানুষের বোধে, তারপর বিবেকে, এরপর ফয়সালায় এবং সবশেষে আচরণে প্রবেশ করে। এর কোনো একটি স্তর ভেঙে গেলে জ্ঞানের পূর্ণতা নস্যাৎ হয়। যে জ্ঞান মানুষের সিদ্ধান্ত বা ফয়সালাকে পরিবর্তন করে না, তা হৃদয়ে পৌঁছায়নি; আর যে সিদ্ধান্ত আচরণে আসে না, তা আখলাকে রূপ নেয়নি।

এখানেই ‘জানা’ এবং ‘উপলব্ধি করা’র মধ্যকার পার্থক্য স্পষ্ট হয়। অনেক বিষয় মানুষ জানলেও তা উপলব্ধি করে না। উদাহরণস্বরূপ, মানুষ জানে অপচয় বা জুলুম অন্যায়, কিন্তু সে অপচয়ে লিপ্ত থাকে বা অন্যায়ের অংশ হয়। আবার প্রকৃতিকে আমানত জেনেও সে মালিকের মতো ব্যবহার করে। এ অবস্থায় জ্ঞান স্মৃতিতে থাকলেও অস্তিত্বে অনুপস্থিত থাকে। প্রকৃত ইলম তখনই তৈরি হয়, যখন সেই জানা মানুষের জীবনযাপনের রীতিতে পরিণত হয়।

আমল বা কর্ম আবার জ্ঞানকে পরিশুদ্ধ করে এবং গভীরতর করে। সত্য অনুযায়ী জীবনযাপন শুরু করলে মানুষের সামনে এমন বাস্তবতা উন্মোচিত হয়, যা কেবল তাত্ত্বিক চিন্তায় ধরা পড়ে না। যেমন ন্যায়বিচার নিয়ে বহু গ্রন্থ পাঠ করা সম্ভব, তবে ন্যায় প্রতিষ্ঠার বাস্তব সংগ্রাম মানুষকে এর নতুন মাত্রা শেখায়। একইভাবে পরিবেশনীতি নিয়ে গবেষণার চেয়ে প্রকৃতির সঙ্গে দীর্ঘ সহাবস্থান মানুষকে তার সূক্ষ্ম ভারসাম্য অনুভব করতে শেখায়। ফলে আমল শুধু জ্ঞানের ফল নয়, বরং জ্ঞানের নতুন উৎস।

ফিতরাতি বাস্তুতন্ত্রের দৃষ্টিতে সভ্যতার বর্তমান সংকটও জ্ঞান ও আমলের বিচ্ছেদের ফল। মানুষ আজ পরিবেশ বিপর্যয়, মানবাধিকারের বয়ান বা নৈতিকতার পাঠ সম্পর্কে অবগত হলেও অর্থনীতি, রাজনীতি বা বাজার সংস্কৃতি তার বিপরীত পথে পরিচালিত হচ্ছে। সমস্যাটি তথ্যের নয়, বরং জ্ঞানের সামাজিক প্রয়োগের। একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করা, বন সংরক্ষণ করা, ন্যায়ভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তোলা কিংবা দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার সংস্কারের মতো সামাজিক উদ্যোগগুলোও ইলমেরই বাস্তবায়ন।

লেখক, প্রাবন্ধিক, গবেষক এবং ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার অলিম্পিয়াড বাংলাদেশের চেয়ারম্যান মুসা আল হাফিজের ‘ফিতরাত: অস্তিত্ব, উদ্দেশ্য ও নেজামের দার্শনিক ভিত্তি’ আলোচনার আলোকে জ্ঞান ও আমলের এই ফিতরাতি বাস্তুতন্ত্রের কর্মতত্ত্ব তুলে ধরা হয়েছে। এই দর্শন অনুযায়ী, কোনো সভ্যতা তখনই প্রাজ্ঞ হয়, যখন তার জ্ঞান কেবল চিন্তার বিষয় না হয়ে সমাজ, প্রতিষ্ঠান, আইন ও মানুষের জীবনে জীবন্ত রূপ ধারণ করে।

অথেন্টিক সোর্স: প্রথম আলো
মূল প্রতিবেদনের লিংক সংরক্ষিত। মূল সূত্র যাচাই করতে উপরের লিংক ব্যবহার করুন।
পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ